Tuesday, October 27, 2026

তাসনিম জারার পদত্যাগ নিয়ে ক্ষোভ ছিল, তবে সিদ্ধান্তকে সম্মান করি: নুসরাত তাবাসসুম


ফাইল ছবিঃ নুসরাত তাবাসসুম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে তাসনিম জারার পদত্যাগের ঘটনায় নিজের অসন্তোষের কথা জানিয়েছেন দলটির সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। তবে জারার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের বিষয়টিকেই তাঁর পদত্যাগের একমাত্র কারণ হিসেবে দেখা ঠিক হবে না।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুসরাত তাবাসসুম এসব কথা বলেন।

সাক্ষাৎকারে তাসনিম জারার প্রতি নিজের শ্রদ্ধার কথা উল্লেখ করে নুসরাত বলেন, জোট গঠনের ঘোষণা আসার পরপরই জারা পদত্যাগ করেন। তখন তিনি এনসিপির সর্বোচ্চ পরিষদের (পিসি) সদস্য ছিলেন, আর নুসরাত ছিলেন দলটির নির্বাহী বোর্ডের সদস্য।

নুসরাত জানান, পদত্যাগের ঘটনাটি নিয়ে তখন তাঁর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। কারণ, জারা কখন এবং কী পরিস্থিতিতে পদত্যাগ করেছেন, সে বিষয়ে তাঁদের কাছে বিষয়টি স্পষ্ট করা হয়নি।

তাসনিম জারা জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের আলোচনা প্রক্রিয়ার অংশ ছিলেন উল্লেখ করে নুসরাত বলেন, আলোচনা শেষে জারা পদত্যাগের সিদ্ধান্ত নেন। তাঁর এই সিদ্ধান্তকে তিনি পূর্ণ সমর্থন করেন। একই সঙ্গে জারার নিজস্ব রাজনৈতিক প্রত্যাশা, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

নুসরাতের ভাষ্য, শুধু জামায়াতের সঙ্গে জোট গঠনের কারণেই তাসনিম জারা দল ছেড়েছেন—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। এর পেছনে আরও নানা কারণ থাকতে পারে।

এনসিপি গঠনের পর তরুণ নেতৃত্বের একটি অংশ দলটির সঙ্গে যুক্ত হলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলটিতে ভাঙন দেখা দেয়। তাসনিম জারা ছাড়াও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও তাজনূভা জাবীনসহ বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতা দল থেকে পদত্যাগ করেন। তাঁদের এই সিদ্ধান্ত দলটির নেতৃত্ব ও সাংগঠনিক অবস্থান নিয়ে আলোচনার জন্ম দেয়।

নির্বাচনের পর পদত্যাগ করা নেতাদের দলে ফিরিয়ে আনার বিষয়ে এনসিপির পক্ষ থেকে আগ্রহ দেখা যাচ্ছে। সম্প্রতি দলটির কয়েকজন নেতার বক্তব্যেও তাঁদের ফিরিয়ে আনার উদ্যোগের ইঙ্গিত পাওয়া গেছে।

তবে পদত্যাগী নেতারা শেষ পর্যন্ত দলে ফিরবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তাঁদের প্রত্যাবর্তনের সম্ভাবনা এবং পদত্যাগের পেছনের কারণগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন