Saturday, October 31, 2026

বলিউড নির্মাতা সঞ্জয় গুপ্তের মৃত্যু, ‘কাঁটে’ ও ‘কাবিল’ দিয়ে গড়েছিলেন আলাদা পরিচয়


ফাইল ছবিঃ সঞ্জয় গুপ্ত (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

বলিউডের চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রযোজক সঞ্জয় গুপ্ত আর নেই। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে নিজ বাসায় দুর্ঘটনাবশত পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘কাবিল’ ও ‘মুম্বাই সাগা’র মতো সিনেমা নির্মাণ করে হিন্দি চলচ্চিত্রে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছিলেন সঞ্জয়। অ্যাকশন, অপরাধজগত ও প্রতিশোধের গল্পকে নিজস্ব দৃশ্যায়ন ও নির্মাণশৈলীতে পর্দায় তুলে ধরতেন তিনি।

সঞ্জয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত। সংবাদমাধ্যম আউটলুককে তিনি জানান, শুক্রবার রাতে নিজের বাসায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান সঞ্জয়। এরপর তাঁর মৃত্যু হয়। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পরিবারের পক্ষ থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

অভিনেতা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব কামাল আর খান সামাজিক যোগাযোগমাধ্যমে সঞ্জয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

১৯৯৪ সালে ‘আতিশ: ফিল দ্য ফায়ার’ সিনেমা দিয়ে পরিচালনায় অভিষেক হয় সঞ্জয় গুপ্তের। ছবিটিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত ও আদিত্য পাঞ্চোলি। তবে তাঁর ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে ২০০২ সালে ‘কাঁটে’ নির্মাণের মাধ্যমে।

অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, মহেশ মাঞ্জরেকর, লাকি আলী ও কুমার গৌরব অভিনীত সিনেমাটির গল্প ছয় ব্যক্তির ব্যাংক ডাকাতি ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মাত্র ৩৩ দিনে ছবিটির শুটিং শেষ করেন তিনি।

সিনেমাটির দৃশ্যায়ন, রঙের ব্যবহার, আবহসংগীত, সংলাপ এবং একাধিক তারকার উপস্থিতি দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করে। মুক্তির পর ছবিটি ধীরে ধীরে কাল্ট সিনেমার মর্যাদা পায়।

তবে ‘কাঁটে’ নিয়ে বিতর্কও ছিল। কোয়েন্টিন টারান্টিনোর ‘রিজার্ভয়ার ডগস’ সিনেমার সঙ্গে গল্প ও দৃশ্যের মিল নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। সঞ্জয় গুপ্ত অবশ্য একাধিক সাক্ষাৎকারে দাবি করেছেন, তিনি পুরো সিনেমাটি কখনো দেখেননি। তাঁর ভাষ্য অনুযায়ী, ভারতের একটি আলোচিত গয়নার দোকানে ডাকাতির ঘটনা থেকেই ‘কাঁটে’র প্রাথমিক ভাবনা আসে। প্রথমে সিনেমাটির নাম রাখা হয়েছিল ‘দাগড়ি চাল’। পরে গল্পের পটভূমি যুক্তরাষ্ট্রে নেওয়ার সিদ্ধান্ত হয়।

২০২২ সালে ‘কাঁটে’র ২০ বছর পূর্তি উপলক্ষে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় জানিয়েছিলেন, সিনেমাটি নির্মাণের আগে তিনি পেশাগতভাবে কঠিন সময় পার করছিলেন। কয়েক বছর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হতে পারেননি। একাধিক প্রকল্প আটকে ছিল, আবার কিছু ছবি বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। এমন পরিস্থিতিতেই ‘কাঁটে’ নির্মাণের পরিকল্পনা করেন তিনি।

সঞ্জয় গুপ্তের নির্মাণশৈলীর অন্যতম বৈশিষ্ট্য ছিল মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড, গ্যাংস্টারদের সংঘাত ও প্রতিশোধের গল্প। দ্রুতগতির সম্পাদনা, তীব্র সংলাপ, অ্যাকশন এবং চোখে পড়ার মতো রঙের ব্যবহারে এসব গল্পকে আলাদা মাত্রা দিতেন তিনি।

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ সিনেমার প্রযোজক ছিলেন সঞ্জয়। ছবিটি পরিচালনা করেন অপূর্ব লাখিয়া। মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের একটি আলোচিত সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেন বিবেক ওবেরয়, সঞ্জয় দত্ত, অমিতাভ বচ্চন ও সুনীল শেঠি।

ছবিটির সাফল্যের পর একই অপরাধজগতের গল্প নিয়ে ২০১৩ সালে ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ পরিচালনা করেন সঞ্জয়। এতে অভিনয় করেন জন আব্রাহাম, অনিল কাপুর ও তুষার কাপুর।

এ ছাড়া ‘মুসাফির’, ‘জিন্দা’, ‘দশ কাহানিয়া’, ‘জাজবা’ ও ‘মুম্বাই সাগা’ তাঁর উল্লেখযোগ্য পরিচালিত সিনেমা। ২০১৭ সালে হৃতিক রোশন অভিনীত ‘কাবিল’ পরিচালনা করেও আলোচনায় আসেন তিনি। দৃষ্টিপ্রতিবন্ধী এক দম্পতির জীবন ও প্রতিশোধের গল্প নিয়ে তৈরি সিনেমাটি ছিল তাঁর পরিচিত অপরাধ ও অ্যাকশনধর্মী গল্পের গণ্ডির বাইরে যাওয়ার একটি প্রয়াস।

পরিচালনার পাশাপাশি প্রযোজক হিসেবেও বলিউডে কাজ করেছেন সঞ্জয় গুপ্ত। ২০০১ সালে প্রতিষ্ঠা করেন নিজের প্রযোজনাপ্রতিষ্ঠান হোয়াইট ফেদার ফিল্মস। এই প্রতিষ্ঠানের ব্যানারে ‘প্ল্যান’, ‘উডস্টক ভিলা’, ‘অ্যাসিড ফ্যাক্টরি’, ‘পঙ্খ’ ও ‘দ্য গ্রেট ইন্ডিয়ান বাটারফ্লাই’র মতো সিনেমা নির্মাণ ও প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

মূলধারার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি ভিন্নধর্মী গল্প নিয়েও কাজ করার আগ্রহ ছিল তাঁর। বিশেষ করে ‘পঙ্খ’-এর মতো সিনেমায় প্রচলিত বলিউডি বিনোদনের বাইরে গিয়ে চরিত্র ও গল্পকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন।

মৃত্যুর আগের বছরগুলোতেও চলচ্চিত্র নিয়ে নিজের মতামত ও স্মৃতিচারণার কারণে আলোচনায় ছিলেন সঞ্জয়। ২০২৬ সালের সেপ্টেম্বরে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত প্রতিবেদনে ‘কাঁটে’ নির্মাণের সময় অমিতাভ বচ্চনের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও সিনেমার সংলাপ নিয়ে তাঁর স্মৃতিচারণা উঠে আসে। একই মাসে শাহরুখ খানকে ঘিরে আন্ডারওয়ার্ল্ডের হুমকির প্রসঙ্গেও তাঁর বক্তব্য প্রকাশিত হয়।

বলিউডে অ্যাকশন ও অপরাধনির্ভর সিনেমার স্বতন্ত্র নির্মাতা হিসেবে পরিচিত সঞ্জয় গুপ্তের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন