Friday, October 30, 2026

ছয় দশক পর ফিরছে ‘দ্য বার্ডস’, প্রধান চরিত্রে সারা স্নুক


ছবিঃ ৬৩ বছর পর নতুন রূপে হিচককের ‘দ্য বার্ডস’, প্রধান চরিত্রে সারা স্নুক (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN

পাখির ঝাঁকে ঝাঁকে আক্রমণ, অজানা আতঙ্ক আর মানুষের বেঁচে থাকার লড়াই—এসব নিয়েই ১৯৬৩ সালে দর্শকদের সামনে এসেছিলেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আলফ্রেড হিচকক। তাঁর নির্মিত ভৌতিক চলচ্চিত্র ‘দ্য বার্ডস’ মুক্তির ছয় দশকেরও বেশি সময় পর আবার পর্দায় ফিরছে। তবে এবার বড় পর্দায় নয়, এইচবিওর একটি সীমিত পর্বের টেলিভিশন সিরিজে নতুনভাবে উঠে আসবে সেই রহস্যময় গল্প।

নতুন সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করবেন অস্ট্রেলীয় অভিনেত্রী সারা স্নুক। এইচবিওর জনপ্রিয় সিরিজ ‘সাকসেশন’-এ শিভ রয় চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী এবার হাজির হবেন এক মায়ের ভূমিকায়। সন্তানকে রক্ষা করার পাশাপাশি তাঁকে মোকাবিলা করতে হবে এক রহস্যজনক নিখোঁজের ঘটনা, হত্যার হুমকি এবং পাখিদের ভয়াবহ আক্রমণ।

নতুন সিরিজটি হিচককের চলচ্চিত্রের সরাসরি পুনর্নির্মাণ নয়। বরং ড্যাফনে ডু মরিয়ের লেখা মূল গল্প এবং হিচককের চলচ্চিত্র থেকে অনুপ্রেরণা নিয়ে সমসাময়িক প্রেক্ষাপটে সাজানো হচ্ছে এর কাহিনি।

আগের চলচ্চিত্রের ঘটনাস্থল ছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উপকূলীয় শহর বোডেগা বে। আর নতুন সিরিজের গল্পের পটভূমি হিসেবে বেছে নেওয়া হয়েছে বর্তমান সময়ের আলাস্কাকে।

এতে মাইরা ম্যাসি নামের এক নারীর চরিত্রে অভিনয় করবেন সারা স্নুক। মেয়ের অভিভাবকত্ব নিয়ে দীর্ঘ ও তিক্ত আইনি লড়াইয়ের পর ছোট মেয়েকে নিয়ে নিজের জন্মশহরে ফিরে আসেন মাইরা। সেখানে এসে শৈশবের এক বন্ধুর রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনা অনুসন্ধানে জড়িয়ে পড়েন তিনি।

কিন্তু বন্ধুর খোঁজ করতে গিয়ে একের পর এক বিপদের মুখে পড়তে হয় তাঁকে। এলাকায় একজন খুনি সক্রিয় থাকার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও হুমকির মুখে পড়েন মাইরা। এর মধ্যেই শহরে শুরু হয় পাখিদের অস্বাভাবিক আক্রমণ। হিংস্র হয়ে ওঠা পাখিরা মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে প্রাণঘাতী হামলা চালাতে থাকে।

একপর্যায়ে বন্ধুর নিখোঁজ হওয়ার ঘটনা, হত্যার রহস্য এবং পাখিদের আক্রমণের মধ্যে সম্ভাব্য যোগসূত্র খুঁজে বের করার চেষ্টা করেন মাইরা। একই সঙ্গে ভয়ংকর পরিস্থিতি থেকে নিজের মেয়েকে নিরাপদে রাখার লড়াইও চালিয়ে যেতে হয় তাঁকে।

নির্মাতাদের পরিকল্পনায় রহস্য ও ভৌতিক আবহের পাশাপাশি পারিবারিক সম্পর্ক, মানসিক টানাপোড়েন এবং প্রতিকূল পরিস্থিতিতে মানুষের টিকে থাকার সংগ্রামও গুরুত্ব পাবে।

‘দ্য বার্ডস’-এর মূল অনুপ্রেরণা ব্রিটিশ লেখক ড্যাফনে ডু মরিয়ের একই নামের ছোটগল্প। ১৯৫২ সালে প্রকাশিত গল্পটিতে ইংল্যান্ডের কর্নওয়াল অঞ্চলের একটি উপকূলীয় এলাকায় পাখিদের অস্বাভাবিক আক্রমণের চিত্র তুলে ধরা হয়েছিল। প্রকৃতির স্বাভাবিক আচরণ হঠাৎ বদলে যাওয়ায় সাধারণ মানুষ কীভাবে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে, সেটিই ছিল গল্পের মূল বিষয়।

১৯৬৩ সালে এই গল্প অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন আলফ্রেড হিচকক। তবে তিনি মূল গল্পের কাহিনিতে বেশ কিছু পরিবর্তন এনেছিলেন। চলচ্চিত্রে মেলানি ড্যানিয়েলস নামের এক তরুণীর চরিত্রে অভিনয় করেন টিপি হেড্রেন। সান ফ্রান্সিসকো থেকে বোডেগা বে-তে যাওয়ার পর একের পর এক ভয়ংকর ঘটনার মুখোমুখি হন তিনি।

ছবিটিতে আরও অভিনয় করেছিলেন রড টেলর ও জেসিকা ট্যান্ডি। পাখিদের আকস্মিক আক্রমণ, শব্দের অভিনব ব্যবহার এবং এই অস্বাভাবিক ঘটনার পেছনের কারণ অমীমাংসিত রাখার মধ্য দিয়ে চলচ্চিত্রটি ভৌতিক সিনেমার ইতিহাসে বিশেষ স্থান করে নেয়।

নতুন সিরিজটির অন্যতম আকর্ষণ সারা স্নুকের অভিনয়। এইচবিওর ‘সাকসেশন’ সিরিজে শিভ রয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান তিনি। চার মৌসুমের এই সিরিজে তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি এনে দেয় একটি এমি ও দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার।

‘সাকসেশন’-এ ক্ষমতাধর একটি গণমাধ্যম পরিবারের উচ্চাকাঙ্ক্ষী সদস্যের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এবার সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে একজন মায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি, যাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের সন্তানকে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করা।

সম্প্রতি পিককের থ্রিলার সিরিজ ‘অল হার ফল্ট’-এ অভিনয় করেও আলোচনায় এসেছেন সারা। এ ছাড়া মঞ্চনাটকে অভিনয়ের জন্যও পেয়েছেন স্বীকৃতি। অস্কার ওয়াইল্ডের উপন্যাস অবলম্বনে নির্মিত একক অভিনয়ের নাটক ‘দ্য পিকচার অব ডোরিয়ান গ্রে’-এর জন্য ২০২৫ সালে টনি পুরস্কার অর্জন করেন তিনি।

নতুন সিরিজটির প্রথম পর্বের চিত্রনাট্য লিখেছেন টম স্পেজিয়ালি। নির্বাহী প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে এইচবিওর ‘দ্য লেফটওভারস’ ও ‘ওয়াচমেন’ সিরিজের সঙ্গে কাজ করেছেন এই চিত্রনাট্যকার।

প্রকল্পটির নির্বাহী প্রযোজকদের তালিকায় আরও রয়েছেন ডেভিড হেইম্যান, ড্যানি সামিট ও জেনিফার গ্যাবলার রলিংস। অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করবেন সারা স্নুক।

ডেভিড হেইম্যানের প্রযোজনা প্রতিষ্ঠান হেইডে টেলিভিশনও যুক্ত রয়েছে সিরিজটির সঙ্গে। ‘হ্যারি পটার’ চলচ্চিত্র সিরিজের প্রযোজক হিসেবে পরিচিত হেইম্যান বর্তমানে এইচবিওর নতুন ‘হ্যারি পটার’ সিরিজের কাজেও যুক্ত আছেন।

এইচবিওর সঙ্গে যৌথভাবে সিরিজটি প্রযোজনা করবে ইউনিভার্সাল গ্লোবাল টেলিভিশন। মূল গল্প ও চলচ্চিত্রের স্বত্ব রয়েছে ইউনিভার্সাল পিকচার্স এবং ড্যাফনে ডু মরিয়ের উত্তরাধিকারীদের কাছে।

‘দ্য বার্ডস’ নতুন করে পর্দায় আনার পরিকল্পনা অবশ্য এবারই প্রথম নয়। ২০০৭ সালে অভিনেত্রী নাওমি ওয়াটসকে নিয়ে চলচ্চিত্রটির নতুন সংস্করণ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। পরিচালক হিসেবে যুক্ত হওয়ার কথা ছিল মার্টিন ক্যাম্পবেলের। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

এরপর ২০১৭ সালে বিবিসির জন্য গল্পটি অবলম্বনে একটি টেলিভিশন সিরিজ তৈরির উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সেটিও আলোর মুখ দেখেনি।

এবার এইচবিওর উদ্যোগে নতুন করে আশার আলো দেখছে হিচককের সেই বিখ্যাত ভৌতিক গল্প। তবে প্রকল্পটি এখনো প্রাথমিক উন্নয়ন পর্যায়ে রয়েছে। সিরিজটির চূড়ান্ত নির্মাণ অনুমোদন, শুটিং শুরুর সময় কিংবা মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। সারা স্নুক ছাড়া অন্য অভিনয়শিল্পীদের নামও প্রকাশ করা হয়নি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন