- ১০ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই দর্শকসংখ্যায় নতুন রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়ার ফ্যান্টাসি-রোমান্টিক সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ডিজনি প্লাস ও হুলুতে প্রকাশিত সিরিজটি দুই প্ল্যাটফর্মের অরিজিনাল কনটেন্টের মধ্যে প্রথম তিন দিনে সর্বোচ্চ দর্শক পাওয়া সিরিজ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি-র প্রতিবেদন অনুযায়ী, গত ৩ নভেম্বর মুক্তির পর প্রথম তিন দিনের দর্শকসংখ্যার ভিত্তিতে এই সাফল্য অর্জন করে সিরিজটি। একই সময়ে ৫০টিরও বেশি দেশের বাজারে মুক্তির পর সবচেয়ে বেশি দর্শক পাওয়া কোরিয়ান সিরিজের তালিকায় শীর্ষস্থান দখল করেছে এটি। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, চিলি, ফ্রান্স, স্পেন, জার্মানি, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
প্রাথমিকভাবে সিরিজটি ৪ নভেম্বর মুক্তির পরিকল্পনা থাকলেও দর্শকের আগ্রহ বিবেচনায় এক দিন আগেই এটি প্রকাশ করে ডিজনি প্লাস। মুক্তির আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রচারণামূলক আয়োজনে সিরিজটি নিয়ে ব্যাপক সাড়া দেখা গিয়েছিল।
‘দ্য রিম্যারিড এমপ্রেস’ তৈরি হয়েছে ন্যাভার ওয়েবটুনের একই নামের জনপ্রিয় কমিক সিরিজ অবলম্বনে। গল্পের কেন্দ্রে রয়েছে পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়ের এবং সম্রাট সোভিয়েশুরের দাম্পত্য ও রাজনৈতিক জীবন।
সম্রাট সোভিয়েশু একসময় রাশতা নামের এক পালিয়ে আসা দাসীর প্রেমে পড়েন। তাঁকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করতে গিয়ে সম্রাজ্ঞী নাভিয়েরের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হয় নাভিয়েরকে।
তবে আত্মসম্মান বিসর্জন দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে চান না তিনি। বিচ্ছেদে সম্মতি দেওয়ার পাশাপাশি পশ্চিম সাম্রাজ্যের যুবরাজ হেইনরিকে বিয়ে করার স্বাধীনতা দাবি করেন নাভিয়ের। তাঁর এই সিদ্ধান্তের পর ব্যক্তিগত সম্পর্কের দ্বন্দ্ব দুই সাম্রাজ্যের রাজনৈতিক সমীকরণেও নতুন জটিলতা তৈরি করে। নিজের মর্যাদা ও ক্ষমতা ফিরে পাওয়ার লড়াইয়ে এগিয়ে যান সম্রাজ্ঞী।
সিরিজে সম্রাজ্ঞী নাভিয়ের চরিত্রে অভিনয় করেছেন শিন মিন আ। সম্রাট সোভিয়েশুরের ভূমিকায় রয়েছেন জু জি হুন। এ ছাড়া যুবরাজ হেইনরি চরিত্রে লি জং সুক এবং রাশতার চরিত্রে অভিনয় করেছেন লি সে ইয়ং।
সিরিজটি পরিচালনা করেছেন চো সু ওন। চিত্রনাট্য লিখেছেন ইয়েও জিনা ও হিউন চুংইওল।
প্রকাশের আগেই ‘দ্য রিম্যারিড এমপ্রেস’ ঘিরে দর্শকের আগ্রহের প্রমাণ মিলেছিল বিভিন্ন আয়োজনে। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিরিজটির বিশেষ প্রিভিউ প্রদর্শনীর সব টিকিট বিক্রি হয়ে যায়।
অন্যদিকে প্রচারণামূলক ট্রেলার প্রকাশের পর ইউটিউব ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম মিলিয়ে মাত্র ৪৮ ঘণ্টায় সেটি ১ কোটি ৩০ লাখবার দেখা হয়। সিরিজটির মূল ওয়েবটুনও দীর্ঘদিন ধরে পাঠকদের মধ্যে জনপ্রিয়। প্রকাশের পর থেকে এটি প্রায় ৩০০ কোটি বার দেখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এখন পর্যন্ত সিরিজটির চারটি পর্ব প্রকাশিত হয়েছে। আগামী ১১ নভেম্বর থেকে প্রতি বুধবার দুটি করে নতুন পর্ব প্রচারিত হবে। ২৫ নভেম্বর শেষ পর্ব প্রকাশের মধ্য দিয়ে সিরিজটির সম্প্রচার শেষ হওয়ার কথা রয়েছে।