- ১২ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
প্রকৃতির ভয়াবহ শক্তির সামনে মানুষের অসহায়ত্ব, জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা আর প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার গল্প নিয়ে নির্মিত মেক্সিকান সিনেমা ‘সারভাইভিং হারিকেন অটিস’। ২০২৩ সালে মেক্সিকোর আকাপুলকো উপকূলে আঘাত হানা বিধ্বংসী হারিকেন অটিসের বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ছবিটি। নেটফ্লিক্সে মুক্তির পর অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক দর্শকের মনোযোগ কেড়েছে সিনেমাটি।
গত ২৩ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পায় ছবিটি। পরদিন প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, মুক্তির মাত্র এক দিনের মধ্যেই নেটফ্লিক্সের বিশ্বব্যাপী চলচ্চিত্র তালিকার শীর্ষস্থান দখল করে নেয় এটি। হোর্হে মিচেল গ্রাউ পরিচালিত ৯৬ মিনিটের এই সিনেমায় অভিনয় করেছেন বেনি ইমানুয়েল ও ক্রিস্তিয়ান ফেরের। মূলত স্প্যানিশ ভাষায় নির্মিত ছবিটির গল্পে রয়েছে উত্তাল সমুদ্রে প্রাণে বাঁচার লড়াইয়ের পাশাপাশি পারিবারিক সম্পর্কের টানাপোড়েন।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে উইরপুল ও ক্যান্ডি নামের দুই ভাইকে ঘিরে। দীর্ঘদিনের মতবিরোধ ও দূরত্ব তাঁদের সম্পর্ককে জটিল করে তুলেছে। আকাপুলকোর উপকূলে একটি প্রমোদতরিতে কাজ করার সময় হঠাৎ ভয়ংকর ঝড়ের কবলে পড়ে তারা। অল্প সময়ের মধ্যে ঝড়টি শক্তিশালী পাঁচ মাত্রার হারিকেনে রূপ নেয়।
পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, নৌযান হারায় নিয়ন্ত্রণ। চারদিকে উত্তাল সমুদ্র আর প্রবল বাতাসের মধ্যে দুই ভাইয়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে নিজেদের জীবন রক্ষা করা। মৃত্যুর আশঙ্কা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পুরোনো বিরোধ ভুলে একে অপরের সহযোগিতার ওপর নির্ভর করতে বাধ্য হয় তারা।
ছবিটির কাহিনির পেছনে রয়েছে বাস্তব অভিজ্ঞতা। ২০২৩ সালের অক্টোবরে হারিকেন অটিসের সময় আকাপুলকোর উপকূলে নৌযানে অবস্থান করে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন দুই নাবিক মারলন ভালদেজ ও জনাথন চিনো। তাঁদের বেঁচে ফেরার অভিজ্ঞতা নিয়ে প্রকাশিত প্রতিবেদন থেকেই সিনেমাটি নির্মাণের ধারণা পান পরিচালক হোর্হে মিচেল গ্রাউ।
তবে বাস্তব জীবনে মারলন ও জনাথন বৈমাত্রেয় ভাই নন, তাঁরা বন্ধু। চলচ্চিত্রে তাঁদের অভিজ্ঞতাকে দুই ভাইয়ের গল্প হিসেবে উপস্থাপন করা হয়েছে। সিনেমা নির্মাণের সময় বাস্তবের এই দুই নাবিক পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। নৌযান পরিচালনা ও সমুদ্রের পরিস্থিতি সম্পর্কে অভিনেতাদের ধারণা দেওয়ার পাশাপাশি একটি দৃশ্যেও তাঁদের দেখা গেছে।
প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা পর্দায় বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলা ছিল নির্মাতাদের অন্যতম বড় চ্যালেঞ্জ। পরিচালকের দেওয়া তথ্য অনুযায়ী, সিনেমাটি নির্মাণে প্রায় তিন বছর সময় লেগেছে। পুরো কাজে যুক্ত ছিলেন প্রায় ৮০০ জন, যাঁদের মধ্যে প্রায় ৫০০ জন কাজ করেছেন ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে।
মেক্সিকো সিটির চুরুবুসকো স্টুডিওতে সমুদ্রের দৃশ্য ধারণের জন্য তৈরি করা হয় প্রায় ২০০ বর্গমিটারের একটি পানির ট্যাংক। ব্যবহার করা হয় আট টন ওজনের তিনটি নৌযান। ঝড়ের বাতাস, ঢেউয়ের উচ্চতা ও পানির প্রবাহ বাস্তবসম্মতভাবে তুলে ধরতে বিশেষ যন্ত্রপাতির পাশাপাশি নেওয়া হয়েছে ভিজ্যুয়াল ইফেক্টসের সহায়তা। ঝড়ের গতিপথ, বাতাসের দিক ও পানির উচ্চতার মতো বিষয় বিবেচনায় রেখে দৃশ্যগুলো নির্মাণের চেষ্টা করেছেন সংশ্লিষ্টরা।
পরিচালকের ভাবনায় ছবিটি কেবল একটি দুর্যোগকেন্দ্রিক অ্যাকশন সিনেমা নয়। প্রাকৃতিক বিপর্যয়ের সময় সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের ভিন্ন ভিন্ন বাস্তবতাও এতে তুলে ধরতে চেয়েছেন তিনি।
হারিকেন অটিসের সময় আকাপুলকো উপকূলে অনেক নাবিককে মালিকদের নৌযান পাহারা দেওয়ার জন্য সেগুলোর কাছেই অবস্থান করতে হয়েছিল। ঝড়ের ভয়াবহতা সম্পর্কে জানার পরও কাজের দায়িত্ব ও জীবিকার তাগিদে তাঁদের ঝুঁকির মধ্যে থাকতে হয়। অন্যদিকে সম্পদশালীদের কাছে নিজেদের সম্পদ রক্ষার বিষয়টি ছিল বড় উদ্বেগ।
সিনেমায় এই বৈপরীত্যের দিকটিও তুলে ধরা হয়েছে। দুর্যোগের সময় সাধারণ শ্রমজীবী মানুষের ঝুঁকি ও অসহায়ত্ব কীভাবে আরও বেড়ে যায়, সেই বাস্তবতা গল্পের গুরুত্বপূর্ণ অংশ। ফলে ছবিটিতে শুধু ঝড়ের তাণ্ডব নয়, মানুষের সাহস, পারস্পরিক নির্ভরতা এবং সামাজিক ব্যবস্থার নানা সীমাবদ্ধতাও জায়গা পেয়েছে।
২০২৩ সালের হারিকেন অটিস মেক্সিকোর আকাপুলকো অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। ওই দুর্যোগে অন্তত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়; নিখোঁজ হন আরও অনেকে। সেই ভয়াবহ ঘটনার স্মৃতি ও বেঁচে ফেরা মানুষের অভিজ্ঞতা থেকেই নির্মিত ‘সারভাইভিং হারিকেন অটিস’ এখন নেটফ্লিক্সের আলোচিত সিনেমাগুলোর একটি। বাস্তব ঘটনার সঙ্গে কল্পকাহিনির মেলবন্ধনই ছবিটির প্রতি দর্শকের আগ্রহ বাড়িয়েছে।