Wednesday, November 11, 2026

বাস্তবেও রাজকীয় সম্পদের মালিক লি জং–সুক, আবাসনে বিনিয়োগ ৬৩০ কোটি টাকা


ফাইল ছবিঃ লি জং–সুক (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি জং–সুককে বর্তমানে ডিজনি প্লাসের সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এ দেখা যাচ্ছে রাজপুত্র হেইনরি চরিত্রে। পর্দায় রাজকীয় জীবনযাপনে অভ্যস্ত এই অভিনেতার বাস্তব জীবনও সম্পদের দিক থেকে বেশ সমৃদ্ধ। দক্ষিণ কোরিয়ার আবাসন খাতে তাঁর বিনিয়োগের বর্তমান আনুমানিক মূল্য ৬৩ বিলিয়ন ওন, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৩০ কোটি টাকা।

দক্ষিণ কোরিয়ার বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম এক্সপোর্টসনিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে অভিনেতার এই বিপুল সম্পদের চিত্র। প্রতিবেদনে বলা হয়েছে, এক দশকেরও বেশি আগে তুলনামূলক কম দামে কেনা বিলাসবহুল আবাসনের মূল্য এখন কয়েক গুণ বেড়েছে। পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে রিয়েল এস্টেট খাতে বড় সম্পদ গড়ে তুলেছেন তিনি।

সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘ওয়ান্ডার প্ল্যানেট’-এর একটি ভিডিওতেও লি জং–সুকের আবাসন সম্পদের হিসাব তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, ২০১৫ সালের মার্চে সিউলের অভিজাত হান্নাম–দং এলাকার ইউএন ভিলেজে অবস্থিত লা তেরাসে হান্নাম আবাসন প্রকল্পে একটি বিলাসবহুল বাড়ি কেনেন তিনি। ২৮৪ বর্গমিটারের ওই বাড়িটির জন্য অভিনেতাকে ব্যয় করতে হয়েছিল প্রায় ৪ দশমিক ৩ বিলিয়ন ওন, যা সে সময় প্রায় ৩০ লাখ মার্কিন ডলারের সমান ছিল।

বাড়িটি কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধাও পেয়েছিলেন লি জং–সুক। নির্মাতা প্রতিষ্ঠান ডংইয়াং গ্রুপ আর্থিক সংকটে পড়ায় প্রকল্পটির বাড়িগুলো মূল বিক্রয়মূল্যের অর্ধেকেরও বেশি ছাড়ে বিক্রি করা হচ্ছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে তুলনামূলক কম দামে সম্পত্তিটি নিজের করে নেন তিনি।

বর্তমানে একই ধরনের বাড়ির বাজারমূল্য প্রায় ২০ বিলিয়ন ওন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সে হিসাবে কেনার পর থেকে বাড়িটির মূল্য বেড়েছে প্রায় ১৫ দশমিক ৭ বিলিয়ন ওন। অর্থাৎ প্রাথমিক ক্রয়মূল্যের প্রায় ৪ দশমিক ৭ গুণ হয়েছে সম্পত্তিটির বর্তমান দাম। বাড়িটি এখনো অভিনেতার মালিকানায় রয়েছে।

এরপর ২০১৯ সালে একই এলাকার আরেকটি অভিজাত আবাসন প্রকল্প নাইন ওয়ান হান্নামে বিনিয়োগ করেন লি জং–সুক। সেখানে ৩৩৪ বর্গমিটারের একটি অ্যাপার্টমেন্ট কেনেন প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন ওনে। শুরুতে দুই বছর ভাড়া থাকার পর অ্যাপার্টমেন্টটির মালিকানা নেন তিনি। বর্তমানে একই ধরনের একটি অ্যাপার্টমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ বিলিয়ন ওন।

হান্নাম–দং এলাকার এই দুটি আবাসনের বর্তমান সম্মিলিত মূল্য প্রায় ৪৭ বিলিয়ন ওন। এর বাইরে অভিনেতার অন্যান্য সম্পত্তির মূল্য হিসাব করলে তাঁর মোট আবাসন বিনিয়োগের পরিমাণ ৬৩ বিলিয়ন ওন ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এই অঙ্ককে অভিনেতার মোট ব্যক্তিগত সম্পদ বা নিট সম্পদ হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। কারণ, হিসাবটি মূলত সম্পত্তির সম্ভাব্য বর্তমান বাজারমূল্যের ওপর ভিত্তি করে করা হয়েছে। প্রকৃত বিক্রয়মূল্য, সম্পত্তি কেনার জন্য নেওয়া ঋণ কিংবা অন্যান্য আর্থিক দায়দেনা এতে অন্তর্ভুক্ত নয়।

‘হোয়াইল ইউ ওয়্যার স্লিপিং’ ও ‘বিগ মাউথ’-এর মতো জনপ্রিয় কোরীয় নাটকে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পেয়েছেন লি জং–সুক। নতুন সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’-এ প্রিন্স হেইনরি চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। সিরিজটিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন শিন মিন–আ ও জু জি–হুন।    

পর্দায় রাজপুত্রের চরিত্রে অভিনয়ের পাশাপাশি বাস্তব জীবনেও বিপুল আবাসন সম্পদের মালিক হওয়ায় অভিনেতাকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন