Sunday, November 15, 2026

তারকা পরিবারের পরিচয়ের বাইরে উপাসনার নিজস্ব সাম্রাজ্য, ৭৭ হাজার কোটি টাকার ব্যবসায় যুক্ত তিনি


ফাইল ছবিঃ রাম চরণ ও উপাসনা (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

স্বামী দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ, শ্বশুর তেলুগু চলচ্চিত্রের মেগাস্টার চিরঞ্জীবী। তারকা পরিবারের সদস্য হিসেবে পরিচিতি থাকলেও উপাসনা কোনিডেলার নিজস্ব পরিচয় আরও বিস্তৃত। ভারতের অন্যতম বৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাপোলো হাসপাতালসের প্রতিষ্ঠাতা পরিবারের উত্তরসূরি হিসেবে ব্যবসা, চিকিৎসাসেবা ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি। প্রায় ৭৭ হাজার কোটি টাকার ব্যবসায়িক সাম্রাজ্যের সঙ্গে যুক্ত থেকেও নিজের দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে আলাদা অবস্থান তৈরি করেছেন উপাসনা।

সম্প্রতি অন্ধ্র প্রদেশের একটি অনুষ্ঠানে রাজ্যের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী নারা লোকেশের সঙ্গে আলাপচারিতায় নিজের কর্মজীবন ও পারিবারিক অনুপ্রেরণার কথা তুলে ধরেন তিনি। উপাসনা জানান, পারিবারিক ব্যবসায় সক্রিয় হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তাঁর দাদা ও অ্যাপোলো হাসপাতালসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রতাপ সি রেড্ডির।

দাদার একটি পরামর্শ তাঁর জীবন ও কাজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। উপাসনার ভাষায়, তিনি বলেছিলেন, এই পরিবারে জন্ম ও বিয়ের মাধ্যমে পাওয়া সুযোগকে কাজে লাগিয়ে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। শুধু পারিবারিক পরিচয়ের ওপর নির্ভর করে ঘরে বসে থাকার সুযোগ নেই।

দাদার সেই কথাকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে দেখেন উপাসনা। এরপর থেকেই নিজের দায়িত্ব ও কাজের প্রতি আরও মনোযোগী হন তিনি।

১৯৮৬ সালের ২০ জুলাই জন্ম নেওয়া উপাসনার মা শোভনা কামিনেনি অ্যাপোলো হাসপাতালসের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাঁর দাদা প্রতাপ সি রেড্ডি ১৯৮৩ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। চিকিৎসক প্রতাপ রেড্ডির উদ্যোগে ভারতে বেসরকারি হাসপাতালভিত্তিক স্বাস্থ্যসেবার বিস্তারে নতুন দিগন্ত তৈরি হয়।

বর্তমানে হাসপাতাল, ফার্মেসি ও ডিজিটাল স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতে অ্যাপোলো গ্রুপের বিস্তৃত কার্যক্রম রয়েছে। পরিবারের চার মেয়েও প্রতিষ্ঠানটির পরিচালনায় যুক্ত।

উপাসনা যুক্তরাজ্যের রিজেন্টস ইউনিভার্সিটি থেকে আন্তর্জাতিক ব্যবসা, বিপণন ও ব্যবস্থাপনায় পড়াশোনা করেছেন। পরে হার্ভার্ড বিজনেস স্কুলের নির্বাহী শিক্ষা কার্যক্রমেও অংশ নেন। তাঁর কর্মজীবনের মূল ক্ষেত্র স্বাস্থ্যসেবা, সুস্থ জীবনযাপন এবং সামাজিক উন্নয়ন।

পারিবারিক ব্যবসার বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন উপাসনা। তিনি লাইফটাইম ওয়েলনেস আরএক্স ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক। স্বাস্থ্য ও জীবনযাপনবিষয়ক উদ্যোগ ইউআরলাইফের সঙ্গেও প্রতিষ্ঠানটির সম্পৃক্ততা রয়েছে।

এ ছাড়া জাইডাস লাইফসায়েন্সেসের স্বতন্ত্র পরিচালক এবং অ্যাপোলো গ্রুপের একাধিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করছেন তিনি।

সম্প্রতি অ্যাপোলো হাসপাতালসের প্রকল্প বিভাগের পরিচালক হিসেবেও নতুন দায়িত্ব পেয়েছেন উপাসনা। এ দায়িত্বের আওতায় ভারতের বিভিন্ন শহরে নতুন হাসপাতাল নির্মাণ, বিদ্যমান হাসপাতালের সম্প্রসারণ ও আধুনিকায়নের পরিকল্পনায় কাজ করবেন তিনি। রোগীদের জন্য হাসপাতালের পরিবেশ আরও উন্নত, সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তোলাও তাঁর কাজের অংশ।

অ্যাপোলো গ্রুপের প্রায় ৮ হাজার ৬০০ কোটি রুপির সম্প্রসারণ পরিকল্পনার সময়েই তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

উপাসনাদের পরিবারে সম্পদ ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে একটি লিখিত পারিবারিক নীতিমালা রয়েছে, যা পরিচিত ‘পারিবারিক সংবিধান’ নামে। ভবিষ্যতে সম্পত্তি ও ব্যবসার মালিকানা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ এড়াতে প্রতাপ সি রেড্ডি এই নীতিমালা তৈরি করেন।

এক সাক্ষাৎকারে উপাসনা জানিয়েছিলেন, পরিবারের সবাই এই নিয়ম অনুসরণ করেন। তাঁর মতে, অর্থ কখনো পরিবারের সদস্যদের মধ্যে বিভেদ বা বিরোধের কারণ হওয়া উচিত নয়।

পরিবারে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন তিনি। উপাসনার ভাষ্য, পরিবারের নারীরা নিজেদের ন্যায্য অধিকার আদায়ে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। তাঁদের সেই অবস্থানের ফলে পারিবারিক সম্পদ ও ব্যবসায় নারীদের অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।

ব্যবসায়িক পরিচয়ের পাশাপাশি উপাসনার ব্যক্তিগত জীবনও ভক্ত ও অনুরাগীদের আগ্রহের বিষয়। কলেজজীবনে দক্ষিণি সিনেমার তারকা রাম চরণের সঙ্গে তাঁর পরিচয় হয়। বন্ধুত্ব থেকে তাঁদের সম্পর্ক প্রেমে গড়ায়। ২০১২ সালে বিয়ে করেন তাঁরা।

রাম চরণ তেলুগু চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা। বিশেষ করে ‘আরআরআর’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক দর্শকের কাছেও পরিচিতি পেয়েছেন তিনি।

বিয়ের পর দীর্ঘ সময় সন্তান নেওয়ার সিদ্ধান্ত পিছিয়ে রেখেছিলেন এই দম্পতি। এ নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাঁদের। তবে উপাসনা বরাবরই ব্যক্তিগত সিদ্ধান্ত ও নিজের সময়কে গুরুত্ব দিয়েছেন।

২০২৩ সালে তাঁদের প্রথম সন্তান ক্লিন কারার জন্ম হয়। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে যমজ সন্তান শিবরাম ও অনভীরা দেবীর জন্মের মধ্য দিয়ে তিন সন্তানের মা-বাবা হন রাম চরণ ও উপাসনা।

সম্প্রতি অন্ধ্র প্রদেশের অনুষ্ঠানে নারীদের প্রজননস্বাস্থ্য নিয়েও নিজের মতামত তুলে ধরেন উপাসনা। তাঁর পরামর্শ, কলেজের পড়াশোনা শেষ করার পর নারীদের প্রজননক্ষমতা সম্পর্কে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এতে ভবিষ্যতে ক্যারিয়ার, বিয়ে ও মাতৃত্ব নিয়ে পরিকল্পনা করতে সুবিধা হতে পারে বলে মনে করেন তিনি।

এর আগে ২০২৫ সালে আইআইটি হায়দরাবয়ের একটি অনুষ্ঠানে নারীদের ডিম্বাণু সংরক্ষণ বা এগ ফ্রিজিংয়ের পরামর্শ দিয়ে আলোচনায় আসেন উপাসনা। এ নিয়ে সমালোচনা তৈরি হলে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি।

উপাসনা বলেন, ২৭ বছর বয়সে তাঁর বিয়ে হয় এবং ২৯ বছর বয়সে তিনি ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নেন। পরে ৩৬ বছর বয়সে প্রথম সন্তানের মা হন তিনি।

ব্যবসা ও পারিবারিক দায়িত্বের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন উপাসনা। অ্যাপোলো ফাউন্ডেশনের মাধ্যমে গ্রামীণ ও আদিবাসী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, পুষ্টি, পরিচ্ছন্নতা এবং নারীদের কর্মসংস্থান নিয়ে কাজ করছেন তিনি।

ভারতের প্রত্যন্ত অঞ্চলে বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা এবং স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম পরিচালনায়ও তাঁর সম্পৃক্ততা রয়েছে। বিশেষ করে ‘টোটাল হেলথ’ প্রকল্পের মাধ্যমে দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সমাজকল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ডে বর্ষসেরা সমাজসেবীর সম্মাননা পান উপাসনা। এ ছাড়া করোনাকালে তাঁর ভূমিকার জন্য ২০২১ সালে জিকিউ ম্যাগাজিনের বিশেষ স্বীকৃতিও পান তিনি।

সব মিলিয়ে উপাসনা কোনিডেলার পথচলা কেবল একটি প্রভাবশালী পরিবারের উত্তরাধিকার বহনের গল্প নয়। বরং পারিবারিক সুযোগকে কাজে লাগিয়ে ব্যবসা, স্বাস্থ্যসেবা ও সমাজকল্যাণে নিজের সক্ষমতা প্রতিষ্ঠার এক ধারাবাহিক প্রচেষ্টা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন