- ১৫ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
অভিনয়জীবনের পাঁচ দশকেরও বেশি সময় পার করেছেন হলিউডের বর্ষীয়ান অভিনেত্রী গ্লেন ক্লোজ। এ সময়ে আটবার একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জন্য মনোনীত হলেও প্রতিযোগিতামূলক বিভাগে একবারও পুরস্কার জেতা হয়নি তাঁর। অবশেষে ৭৯ বছর বয়সে চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদান ও অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক অস্কার পেতে যাচ্ছেন এই অভিনেত্রী।
পুরস্কার পাওয়ার খবরটি প্রথমে তাঁকে আনন্দের পাশাপাশি কিছুটা দ্বিধায়ও ফেলেছিল। আটবার মনোনয়ন পেয়েও অস্কার না জেতার পর এই সম্মানকে একপর্যায়ে সান্ত্বনা পুরস্কার বলেও মনে হয়েছিল তাঁর। এমনকি পুরস্কারটি গ্রহণ করলে অস্কার না জেতার দীর্ঘ রেকর্ডে কোনো পরিবর্তন আসবে কি না, তা নিয়েও ভেবেছিলেন তিনি।
সম্প্রতি বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্লেন ক্লোজ বলেন, খবরটি শোনার পর তাঁর প্রথম প্রতিক্রিয়া ছিল, কোনো সান্ত্বনা পুরস্কারের প্রয়োজন নেই। পরে মনে প্রশ্ন জাগে, এত দিনের অস্কার না জেতার রেকর্ডটি তিনি ভাঙতে চান কি না।
সম্মানসূচক অস্কার মূল প্রতিযোগিতামূলক পুরস্কার থেকে আলাদা। কোনো নির্দিষ্ট চলচ্চিত্রে অভিনয়ের জন্য নয়, বরং চলচ্চিত্রশিল্পে সামগ্রিক অবদান ও দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে এ সম্মান দেওয়া হয়। ২০০৯ সাল থেকে মূল অস্কার আয়োজনের বাইরে লস অ্যাঞ্জেলেসে গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
এই স্বীকৃতিকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন গ্লেন। তাঁর কথায়, অভিনয়জীবনের ৫০ বছরের বেশি সময় পেরিয়ে গেছে। প্রথম অস্কার মনোনয়ন পেয়েছিলেন ৪৩ বছর আগে। দীর্ঘ এই পথচলার পর এমন স্বীকৃতি পাওয়া তাঁর কাছে গভীর আবেগের বিষয়।
১৯৮২ সালে মুক্তি পাওয়া জর্জ রয় হিল পরিচালিত ‘দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু গার্প’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১৯৮৩ সালে প্রথমবার অস্কারের মনোনয়ন পান গ্লেন ক্লোজ। এটিই ছিল তাঁর প্রথম চলচ্চিত্রে অভিনয়। এরপর ‘দ্য বিগ চিল’ সিনেমায় সারাহ কুপার চরিত্রে অভিনয়ের সুবাদে দ্বিতীয়বার মনোনয়ন পান তিনি।
প্রথম মনোনয়নের খবর পাওয়ার অভিজ্ঞতা এখনো মনে রেখেছেন অভিনেত্রী। সে সময় অস্কারের মতো বড় পুরস্কারের জন্য মনোনীত হওয়ার কথা কল্পনাতেও ছিল না তাঁর। ‘দ্য বিগ চিল’-এর শুটিং চলাকালে প্রথম মনোনয়নের খবরটি পান তিনি। খবরটি শুনে বিস্মিত হয়েছিলেন বলে জানিয়েছেন গ্লেন।
১৯৮৩ সালে প্রথমবার অস্কারের মঞ্চে যাওয়ার স্মৃতিও তাঁর কাছে বিশেষ। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের চেয়ে সেদিনের পোশাকের কথা বেশি মনে আছে তাঁর। বন্ধু ও পোশাক পরিকল্পক অ্যান রথের নকশা করা ভেলভেটের পোশাক পরেছিলেন তিনি।
অস্কার ঘিরে আরও কিছু মজার স্মৃতি রয়েছে গ্লেনের। একবার ম্যাডোনার পেছনের সারিতে বসে তাঁর সাদা পশমের পোশাক দেখে মুগ্ধ হয়েছিলেন। আবার ‘ফ্যাটাল অ্যাট্রাকশন’ সিনেমার জন্য মনোনয়ন পাওয়ার বছর অনুষ্ঠানের বাইরে অনেক দর্শককে তাঁর অভিনীত অ্যালেক্স ফরেস্ট চরিত্রের মতো কোঁকড়ানো চুলে দেখা গিয়েছিল। বিষয়টি বেশ উপভোগ করেছিলেন অভিনেত্রী।
অস্কার অনুষ্ঠানের একটি ঘটনা এখনো হাসির খোরাক জোগায় গ্লেন ক্লোজের কাছে। সে সময় তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। চিকিৎসকের পরামর্শে নিজের স্ত্রীরোগ বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত বিমানে লস অ্যাঞ্জেলেসে যেতে হয়েছিল তাঁকে।
সেদিন সহ-অভিনেতা মাইকেল ডগলাসের সঙ্গে একটি পুরস্কার উপস্থাপনের জন্য মঞ্চে উঠেছিলেন গ্লেন। দর্শকদের হাসির শব্দ শুনে প্রথমে কিছুটা অবাক হন তিনি। পরে বুঝতে পারেন, ‘ফ্যাটাল অ্যাট্রাকশন’ সিনেমার গল্পের সঙ্গে তাঁর বাস্তব অবস্থার মিল থেকেই দর্শকদের এই প্রতিক্রিয়া।
সিনেমাটিতে গ্লেনের অভিনীত অ্যালেক্স ফরেস্ট দাবি করেছিল, মাইকেল ডগলাসের চরিত্র ড্যান গ্যালাঘারের সন্তানের মা হতে যাচ্ছে সে। কিন্তু ড্যান সেই দাবি অস্বীকার করে। পর্দার সেই ঘটনার সঙ্গে বাস্তবে গ্লেনের অন্তঃসত্ত্বা থাকার বিষয়টি মিলে যাওয়ায় দর্শকদের মধ্যে হাসির সৃষ্টি হয়েছিল।
সাক্ষাৎকারে ঘটনাটি স্মরণ করে গ্লেন জানান, প্রথমে দর্শকদের হাসির কারণ বুঝতে পারেননি। পরে বিষয়টি উপলব্ধি করে নিজেও মজা পেয়েছিলেন।
সম্প্রতি মাইকেল ডগলাস এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন, ওই বছর অস্কারটি গ্লেন ক্লোজেরই পাওয়া উচিত ছিল। ডগলাসের এমন প্রকাশ্য মন্তব্যে বিস্মিত হয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
আটবার মনোনয়ন পেয়েও অস্কার না জেতার বিষয়টি কখনোই নিজের মধ্যে তিক্ততা তৈরি করেনি বলে জানিয়েছেন গ্লেন ক্লোজ। তাঁর কাছে পুরস্কার জেতার চেয়ে অভিনয়ের সুযোগ, সহশিল্পীদের সঙ্গে কাজ এবং সৃজনশীল মানুষের সান্নিধ্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।
গ্লেনের ভাষায়, তিনি বরাবরই নিজেকে কিছুটা বাইরের মানুষ হিসেবে অনুভব করেছেন। অস্কারের মতো আয়োজনে বিশ্বের সৃজনশীল ব্যক্তিদের সঙ্গে একই জায়গায় থাকতে পারাটাকেই বড় সম্মান মনে করেন তিনি। কে পুরস্কার পেলেন আর কে পেলেন না, সেটি তাঁর কাছে মুখ্য নয়।
এবারের সম্মানসূচক অস্কারটি নিজের বাড়িতে কোথায় রাখবেন, তা এখনো ঠিক করেননি অভিনেত্রী। তবে হলিউডের ব্যস্ততা থেকে দূরে মন্টানার বোজম্যান শহরের মানুষের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে চান তিনি। শহরটিতে সময় কাটিয়েই নতুন করে কাজের শক্তি ফিরে পান বলে জানিয়েছেন গ্লেন।
৭৯ বছর বয়সেও অভিনয় চালিয়ে যাচ্ছেন গ্লেন ক্লোজ। চলতি বছর স্প্যানিশ ভাষার চলচ্চিত্র ‘লা বোলা নেগ্রা’, ‘অলস ফেয়ার’ সিরিজের নতুন মৌসুম এবং ‘দ্য হাঙ্গার গেমস’ ফ্র্যাঞ্চাইজির নতুন একটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
রোববার গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মেয়ে ও জামাতাকে সঙ্গে নিয়ে উপস্থিত হওয়ার কথা রয়েছে তাঁর। অনুষ্ঠানের জন্য আরমানির নকশায় তৈরি বিশেষ পোশাকও প্রস্তুত করা হচ্ছে।
আটবার অস্কারের দৌড়ে পিছিয়ে পড়লেও অভিনয়জীবনের দীর্ঘ পথচলায় এবার স্বীকৃতির নতুন অধ্যায় যুক্ত হতে যাচ্ছে গ্লেন ক্লোজের ক্যারিয়ারে।