Tuesday, November 17, 2026

ভ্যাম্পায়ার থেকে জেমস বন্ড: রবার্ট প্যাটিনসনের ক্যারিয়ারে নতুন অধ্যায়


ফাইল ছবিঃ রবার্ট প্যাটিনসন (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

একসময় তরুণীদের স্বপ্নের পুরুষ হিসেবে পরিচিত ছিলেন রবার্ট প্যাটিনসন। ‘টোয়ালাইট’ সিরিজের রহস্যময় ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয় করে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পান তিনি। তবে সেই জনপ্রিয়তাকে নিজের অভিনয়জীবনের একমাত্র পরিচয় হতে দেননি ব্রিটিশ এই অভিনেতা। রোমান্টিক নায়কের গণ্ডি পেরিয়ে নানা ধরনের জটিল ও ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হলিউডের অন্যতম আলোচিত শিল্পী হিসেবে। এবার তাঁর ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে নতুন এক পরিচয় জেমস বন্ড।

১৬ নভেম্বর নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ড্যানিয়েল ক্রেগের পর তিনি হতে যাচ্ছেন ০০৭ চরিত্রে অভিনয় করা সপ্তম অভিনেতা। বন্ড সিরিজের নতুন সিনেমাটি পরিচালনা করবেন ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লিখবেন স্টিভেন নাইট।

এই ঘোষণা প্যাটিনসনের দীর্ঘ অভিনয়যাত্রায় গুরুত্বপূর্ণ সংযোজন। কারণ, যে অভিনেতাকে একসময় কিশোরীদের কাছে জনপ্রিয় ভ্যাম্পায়ার চরিত্রের মধ্যেই সীমাবদ্ধ করে দেখা হতো, তিনি ধীরে ধীরে নিজের অভিনয়ের পরিসর বাড়িয়েছেন। বড় বাজেটের বাণিজ্যিক সিনেমার পাশাপাশি স্বাধীন ও নির্মাতানির্ভর ছবিতে কাজ করে ভেঙেছেন নিজের পুরোনো পর্দা-ইমেজ।

১৯৮৬ সালের ১৩ মে লন্ডনের বার্নস এলাকায় জন্ম রবার্ট ডগলাস টমাস প্যাটিনসনের। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। স্কুলের নাটক ও থিয়েটারে কাজের মধ্য দিয়ে অভিনয়ের হাতেখড়ি।

২০০৪ সালে ‘ভ্যানিটি ফেয়ার’ সিনেমায় অভিনয়ের সুযোগ পেলেও ছবিটির চূড়ান্ত সংস্করণে তাঁর উপস্থিতি রাখা হয়নি। পরের বছর ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমায় সেড্রিক ডিগরি চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি। তবে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয় ২০০৮ সালের ‘টোয়ালাইট’।

স্টেফানি মেয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় এডওয়ার্ড কালেন নামের এক ভ্যাম্পায়ারের চরিত্রে অভিনয় করেন প্যাটিনসন। সাধারণ তরুণী বেলা সোয়ানের সঙ্গে তাঁর প্রেমের গল্প দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ক্রিস্টেন স্টুয়ার্টের বিপরীতে তাঁর অভিনয় বিশেষভাবে আলোচিত হয়।

প্রথম সিনেমার সাফল্যের পর নির্মিত হয় সিরিজটির আরও চারটি পর্ব। পাঁচটি সিনেমা মিলিয়ে বিশ্বজুড়ে আয় হয় তিন বিলিয়ন ডলারের বেশি। প্যাটিনসনও পরিণত হন আন্তর্জাতিক তারকায়। তাঁর ব্যক্তিগত জীবন, পোশাক-আশাক, চুলের ধরন সবকিছুই তখন বিনোদন সংবাদমাধ্যমের আলোচনার বিষয় হয়ে ওঠে।

ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে পর্দার বাইরের সম্পর্কও তাঁকে আলোচনায় রাখে। তবে বিপুল জনপ্রিয়তার পাশাপাশি ভক্তদের অতিরিক্ত আগ্রহ ও ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদমাধ্যমের অনুসন্ধান অনেক সময় অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা বেশি হওয়ায় এডওয়ার্ড কালেনের পরিচয় থেকে বেরিয়ে আসার তাগিদও বাড়ে তাঁর।

‘টোয়ালাইট’ সিরিজ শেষ হওয়ার পর রোমান্টিক নায়ক হিসেবে হলিউডে নিজের অবস্থান আরও শক্ত করার সুযোগ ছিল প্যাটিনসনের সামনে। কিন্তু তিনি বেছে নেন ভিন্ন পথ। প্রচলিত বাণিজ্যিক ছবির পাশাপাশি এমন সব সিনেমায় অভিনয় শুরু করেন, যেখানে চরিত্রের জটিলতা ও অভিনয়ের চ্যালেঞ্জ ছিল বেশি।

২০১২ সালে ডেভিড ক্রোনেনবার্গ পরিচালিত ‘কসমোপলিস’ সিনেমায় অভিনয় করেন তিনি। সেখানে একজন তরুণ ধনকুবেরের চরিত্রে দেখা যায় তাঁকে। এরপর ‘কুইন অব দ্য ডেজার্ট’ ও ‘দ্য লস্ট সিটি অব জেড’-এর মতো ছবিতে কাজ করেন। প্রতিটি চরিত্রেই নিজের পরিচিত চেহারা ও অভিনয়ের ধরন থেকে সরে আসার চেষ্টা ছিল।

তবে ২০১৭ সালের ‘গুড টাইম’ তাঁর অভিনয়জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হয়। স্যাফডি ভ্রাতৃদ্বয় পরিচালিত ক্রাইম থ্রিলারটিতে কনি নিকাস নামের এক অপরাধপ্রবণ তরুণের চরিত্রে অভিনয় করেন তিনি। জেলে বন্দী ভাইকে মুক্ত করতে গিয়ে নিউইয়র্কের অপরাধজগতের নানা জটিলতায় জড়িয়ে পড়ে কনি। চরিত্রটির অসহায়ত্ব, অপরাধবোধ, আতঙ্ক ও মরিয়া মনোভাব পর্দায় ফুটিয়ে তুলে সমালোচকদের প্রশংসা পান প্যাটিনসন।

এরপর ২০১৮ সালের ‘হাই লাইফ’ সিনেমায় মহাকাশে পাঠানো এক বন্দীর চরিত্রে অভিনয় করেন তিনি। ফরাসি নির্মাতা ক্লেয়ার ডেনিসের এই সায়েন্স ফিকশন ছবিতে নিঃসঙ্গতা, মানুষের অস্তিত্ব ও নৈতিকতার নানা প্রশ্ন উঠে আসে।

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘দ্য লাইটহাউস’ তাঁর অভিনয়জীবনের আরেকটি উল্লেখযোগ্য কাজ। রবার্ট এগার্স পরিচালিত সাদা-কালো এই সিনেমায় উইলেম ডাফোর সঙ্গে অভিনয় করেন প্যাটিনসন। নির্জন দ্বীপে বাতিঘরের দায়িত্ব পালন করতে গিয়ে দুই কর্মীর মধ্যে অবিশ্বাস ও মানসিক অস্থিরতা তৈরি হয়। একপর্যায়ে বাস্তবতা ও কল্পনার সীমারেখা অস্পষ্ট হয়ে ওঠে। ছবিতে প্যাটিনসনের শারীরিক অভিব্যক্তি, ভয় ও মানসিক বিপর্যয় প্রকাশের ধরন দর্শক-সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করে।

স্বাধীন ধারার সিনেমায় অভিনয়ের পাশাপাশি বড় বাজেটের ছবিতেও নিজের অবস্থান তৈরি করেন প্যাটিনসন। ২০২০ সালে ক্রিস্টোফার নোলানের ‘টেনেট’ সিনেমায় নীল চরিত্রে অভিনয় করেন তিনি। জটিল কাহিনি ও সময়ের বিপরীতমুখী যাত্রার গল্পে তাঁর রহস্যময় উপস্থিতি দর্শকের নজর কাড়ে।

এরপর ২০২২ সালে ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় ব্রুস ওয়েন ও ব্যাটম্যান চরিত্রে অভিনয়ের সুযোগ পান। এর আগে মাইকেল কিটন, ক্রিশ্চিয়ান বেল ও বেন অ্যাফ্লেকের মতো অভিনেতারা চরিত্রটিতে অভিনয় করেছেন। ফলে প্যাটিনসনের সামনে ছিল বড় চ্যালেঞ্জ।

তবে আগের অভিনেতাদের অনুকরণ না করে নিজের মতো করে চরিত্রটি নির্মাণ করেন তিনি। তাঁর ব্রুস ওয়েন ছিলেন বিষণ্ন, নিঃসঙ্গ ও মানসিকভাবে বিপর্যস্ত এক তরুণ। অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি নিজের ভেতরের অন্ধকারের সঙ্গেও তাঁকে লড়তে দেখা যায়। সিনেমাটি বিশ্বজুড়ে ৭৭ কোটি ডলারের বেশি আয় করে। ব্যাটম্যান হিসেবে প্যাটিনসনের পরবর্তী উপস্থিতির অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। ‘দ্য ব্যাটম্যান পার্ট ২’ ২০২৮ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।

২০২৫ সালে বং জুন-হো পরিচালিত ‘মিকি ১৭’ সিনেমায় একাধিক সংস্করণের মিকি বার্নস চরিত্রে অভিনয় করেন প্যাটিনসন। বিপজ্জনক অভিযানে মারা গেলে প্রযুক্তির সাহায্যে নতুন ক্লোন তৈরি করা হয় এমন এক ভবিষ্যৎ বাস্তবতায় নির্মিত ছবিটিতে তাঁকে একই চরিত্রের বিভিন্ন সংস্করণের ভিন্ন আচরণ ও অভিব্যক্তি তুলে ধরতে হয়েছে।

একই বছর জেনিফার লরেন্সের বিপরীতে ‘ডাই মাই লাভ’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। সম্পর্ক, নিঃসঙ্গতা ও মানসিক সংকটের গল্পে তাঁর চরিত্র ছিল এক স্বামীর, যিনি স্ত্রীর মাতৃত্ব-পরবর্তী মানসিক বিপর্যয়ের মুখে নিজেও অসহায় হয়ে পড়েন।

২০২৬ সালেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। ‘দ্য ড্রামা’ সিনেমায় জেনডায়ার বিপরীতে অভিনয় করেছেন। ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’তে অ্যান্টিনাস চরিত্রেও দেখা গেছে তাঁকে। পাশাপাশি সাংবাদিক ক্রিস হ্যানসেনের চরিত্রে অভিনয় করেছেন ‘প্রাইমটাইম’ সিনেমায়।

এবার প্যাটিনসনের সামনে ০০৭ চরিত্রের চ্যালেঞ্জ। ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ সিনেমার মধ্য দিয়ে ড্যানিয়েল ক্রেগের বন্ড-অধ্যায়ের সমাপ্তি ঘটে। এরপর থেকেই পরবর্তী জেমস বন্ড কে হবেন, তা নিয়ে আলোচনা চলছিল। হেনরি ক্যাভিল, অ্যারন টেলর-জনসন, ইদ্রিস এলবা, জ্যাক লোডেন ও ক্যালাম টার্নারের মতো অভিনেতাদের নামও আলোচনায় এসেছিল।

শেষ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন প্যাটিনসন। বন্ড চরিত্রে অভিনয়ের সুযোগকে নিজের জীবনের অন্যতম বড় সম্মান হিসেবে উল্লেখ করেছেন তিনি। তাঁর কাছে জেমস বন্ড চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি চরিত্র; এতে অভিনয় করা স্বপ্ন পূরণের মতো।

তবে নতুন বন্ড হিসেবে তাঁকে ঘিরে প্রত্যাশার পাশাপাশি তুলনাও থাকবে। ড্যানিয়েল ক্রেগ তাঁর অভিনয়ের মধ্য দিয়ে বন্ড চরিত্রকে রুক্ষ, আবেগপ্রবণ ও মানবিক এক মাত্রা দিয়েছিলেন। নতুন সিনেমায় প্যাটিনসন কীভাবে চরিত্রটিকে উপস্থাপন করেন, সেটিই এখন দেখার বিষয়।

বন্ড সিরিজের প্রচলিত ধারায় সাধারণত এমন অভিনেতাদের নেওয়া হয়েছে, যাঁরা চরিত্রটি পাওয়ার আগে বিশ্বজুড়ে বড় তারকা হয়ে ওঠেননি। বন্ড চরিত্রই তাঁদের জনপ্রিয়তার নতুন দরজা খুলে দিয়েছে। প্যাটিনসনের ক্ষেত্রে চিত্রটি আলাদা। তিনি এরই মধ্যে আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত অভিনেতা। ফলে তাঁকে বেছে নেওয়া একদিকে পরিচিত ও পরীক্ষিত তারকাকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত, অন্যদিকে সিরিজটির দীর্ঘদিনের ঐতিহ্যে পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে।

পর্দায় নানা চরিত্রে নিজেকে তুলে ধরলেও ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলতে চান না প্যাটিনসন। ‘টোয়ালাইট’ সহশিল্পী ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে একসময় ব্যাপক আলোচনা হয়েছে। পরে সংগীতশিল্পী এফকেএ টুইগসের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি।

বর্তমানে অভিনেত্রী ও সংগীতশিল্পী সুইকি ওয়াটারহাউসের সঙ্গে সম্পর্কে রয়েছেন প্যাটিনসন। ২০২৪ সালে তাঁদের প্রথম সন্তান জন্ম নেয়। তবে সন্তান ও পারিবারিক জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেন না তাঁরা।

ভ্যাম্পায়ার, অপরাধী, মহাকাশযাত্রী, ব্যাটম্যান বিচিত্র চরিত্রে অভিনয় করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন রবার্ট প্যাটিনসন। এবার জেমস বন্ডের দায়িত্ব তাঁর ক্যারিয়ারে নতুন পরীক্ষা হয়ে আসছে। সেই পরীক্ষায় তিনি কতটা সফল হন, তার উত্তর মিলবে নতুন বন্ড সিনেমা মুক্তির পর।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন