- ১৮ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
একসময় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাসকে বাংলা সিনেমার রানি বলে প্রশংসা করতেন পরীমনি। অন্যদিকে পরীমনিকে নিজের ছোট বোন বলেই পরিচয় করিয়ে দিতেন অপু। তমা মির্জা ও পূজা চেরীকে সঙ্গে নিয়ে চার অভিনেত্রীর আড্ডা, একসঙ্গে ছবি তোলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি ছিল নিয়মিত ঘটনা। কিন্তু সময়ের সঙ্গে সেই সম্পর্কের চিত্র বদলে গেছে। এখন বন্ধুত্বের জায়গায় দেখা যাচ্ছে দূরত্ব, আর ব্যক্তিগত সম্পর্কের জায়গায় তৈরি হয়েছে প্রকাশ্য বাক্যুদ্ধ।
সাম্প্রতিক সময়ে ব্র্যান্ডের প্রচার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিচয় নিয়ে শুরু হওয়া বিতর্কে নতুন করে আলোচনায় এসেছেন অপু বিশ্বাস ও পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে ইঙ্গিত করে দেওয়া পোস্ট, ব্যক্তিগত কটাক্ষ এবং প্রকাশ্য অনুষ্ঠানে পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে প্রশ্ন উঠেছে—একসময়ের ঘনিষ্ঠ দুই অভিনেত্রীর সম্পর্কে এমন তিক্ততা তৈরি হলো কেন?
২০২৩ সালের নভেম্বরে ঢাকার একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস চার অভিনেত্রীকে নিয়ে নিজের ঘনিষ্ঠতার কথা জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, পরীমনি, তমা মির্জা ও পূজা চেরী তাঁর ছোট বোনের মতো। তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো বলেও জানান তিনি।
অপু আরও জানিয়েছিলেন, সন্তানদের বিষয়ে কোনো পরামর্শের প্রয়োজন হলে পরীমনি ও তমা মির্জা তাঁর সঙ্গে যোগাযোগ করতেন। ব্যক্তিগত বিষয় নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হতো। সেই সময় চার অভিনেত্রীর সম্পর্ক নিয়ে ইতিবাচক আলোচনা ছিল চলচ্চিত্র অঙ্গনে।
কিন্তু বর্তমানে তমা মির্জা ও পূজা চেরীর সঙ্গে অপুর সম্পর্ক নিয়ে তেমন আলোচনা না থাকলেও পরীমনির সঙ্গে তাঁর দূরত্ব প্রকাশ্যে চলে এসেছে।
দুই অভিনেত্রীর সাম্প্রতিক বিরোধের সূত্রপাত একটি ব্র্যান্ডের প্রচার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিচয় নিয়ে অপুর মন্তব্যকে কেন্দ্র করে। অপু বিশ্বাস এক বক্তব্যে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে কোনো পণ্যের প্রচার করলেই কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায় না।
অপুর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান পরীমনি। সরাসরি কারও নাম উল্লেখ না করলেও তাঁর পোস্টের বক্তব্যে অপুর মন্তব্যের প্রসঙ্গ উঠে আসে। প্রথম দিকে বক্তব্য পরিষ্কার করার পরামর্শ দিলেও পরবর্তী পোস্টগুলোতে ব্যক্তিগত কটাক্ষের মাত্রা বাড়তে থাকে।
পরীমনি অপুর চিন্তাভাবনাকে ‘বোরিং’ বলার পাশাপাশি ‘ব্যাঙাচি’ ও ‘পরগাছা’ শব্দ ব্যবহার করেন। একপর্যায়ে তাঁকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন।
পরীমনির মন্তব্যের জবাব দিতে দেরি করেননি অপু বিশ্বাসও। গত রোববার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরীমনিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’
এ সময় পরীমনির অভিনয়জীবনের সাফল্য নিয়েও মন্তব্য করেন অপু। তাঁর দাবি, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টি ফ্লপ এবং বাকি পাঁচটি এখনো নির্মাণাধীন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে অন্যদের পোস্ট করার বিষয়েও কটাক্ষ করেন তিনি। অপুর ভাষায়, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’
অপুর ‘লেভেল’ মন্তব্যের পাল্টা জবাব আসে পরীমনির কাছ থেকেও। গত সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটির ক্যাপশনে লেখেন, ‘লেভেল! আসেন কোয়ালিটি নিয়ে কথা বলি। আমাদের কোয়ালিটি ১০০–তে ১০০ বস। কোয়ালিটি ম্যাটার্স। ওসব লেভেল আমরা গুনি নাহ।’
তাঁর এই পোস্টের পর দুই অভিনেত্রীর বিরোধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়।
তবে সাম্প্রতিক ব্র্যান্ড বিতর্কই দুই অভিনেত্রীর সম্পর্কের অবনতির একমাত্র কারণ কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁদের ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে দুজনের কাজ করার বিষয়টিও সম্পর্কের দূরত্ব তৈরিতে ভূমিকা রাখতে পারে।
ঘনিষ্ঠজনদের দাবি, ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার আগে দুই অভিনেত্রীর সম্পর্ক ভালো ছিল। একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে সন্তানদের বিষয়েও তাঁদের মধ্যে নিয়মিত কথা হতো। কিন্তু একই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করার পর থেকেই সম্পর্কের অবনতি ঘটে।
যদিও এই বিষয়ে অপু বিশ্বাস কিংবা পরীমনি কেউই প্রকাশ্যে বিস্তারিত ব্যাখ্যা দেননি। ফলে পেশাগত প্রতিযোগিতা বা অন্য কোনো ব্যক্তিগত কারণ তাঁদের দূরত্বের পেছনে কাজ করছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগেও পরীমনির সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টকে কেন্দ্র করে অপু বিশ্বাসকে নিয়ে আলোচনা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির একটি অনুষ্ঠানে অপু বিশ্বাসের অংশগ্রহণের পর পরীমনির একটি ফেসবুক পোস্ট আলোচনায় আসে।
সেখানে তিনি লিখেছিলেন, ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।’ একই পোস্টে ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ শব্দ ব্যবহার করে ‘দিদি’ সম্বোধনে কটাক্ষও করেছিলেন। যদিও ওই পোস্টে সরাসরি অপুর নাম উল্লেখ করেননি তিনি।
একসময় যাঁকে ছোট বোন বলে পরিচয় করিয়ে দিতেন অপু, আর যিনি অপুর প্রশংসায় ছিলেন সরব, সেই দুই অভিনেত্রীর সম্পর্ক এখন দাঁড়িয়েছে প্রকাশ্য সমালোচনায়। ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিচয় নিয়ে শুরু হওয়া মতবিরোধ শেষ পর্যন্ত ব্যক্তিগত আক্রমণ এবং অভিনয়জীবনের সাফল্য নিয়ে পাল্টাপাল্টি মন্তব্যে গড়িয়েছে।
তবে এই বিরোধের পেছনে প্রকৃত কারণ কী, তা এখনো স্পষ্ট নয়। পেশাগত প্রতিযোগিতা, ব্র্যান্ডসংক্রান্ত স্বার্থ নাকি ব্যক্তিগত অভিমান কোন বিষয়টি তাঁদের সম্পর্কের অবনতিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, সেই প্রশ্নের উত্তর মেলেনি দুই অভিনেত্রীর কাছ থেকেই।