Thursday, November 19, 2026

পরপর ব্যর্থতায় অভিনয় ছাড়ার কথা ভাবছেন জেনিফার লোপেজ!


ফাইল ছবিঃ জেনিফার লোপেজ (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

গান, নাচ ও অভিনয় তিন অঙ্গনেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। দীর্ঘ ক্যারিয়ারে পেয়েছেন বিশ্বজোড়া পরিচিতি ও সাফল্য। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক সিনেমা বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অভিনয়জীবন নিয়ে নতুন করে ভাবছেন এই তারকা। এমনকি অভিনয় থেকে সরে এসে সংগীত ও চলচ্চিত্র প্রযোজনায় বেশি সময় দেওয়ার কথাও বিবেচনা করছেন তিনি।

ব্রিটিশ সাময়িকী ‘হিট’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সিনেমাগুলোর ব্যবসায়িক ব্যর্থতা লোপেজকে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবতে বাধ্য করেছে। বিষয়টি নিয়ে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও আলোচনা করেছেন তিনি। প্রতিবেদনে উদ্ধৃত একটি সূত্রের দাবি, কয়েকটি সিনেমা প্রত্যাশা অনুযায়ী সাড়া না পাওয়ায় নিজের অভিনয়জীবন নিয়ে কিছুটা অনিশ্চয়তায় ভুগছেন লোপেজ।

তাঁর সাম্প্রতিক সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘দিস ইজ মি... নাউ: আ লাভ স্টোরি’ এবং নেটফ্লিক্সের কল্পবিজ্ঞানধর্মী ছবি ‘অ্যাটলাস’। দুটি সিনেমাই মুক্তির পর সমালোচকদের কাছ থেকে মিশ্র ও নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বড় বাজেটের ‘অ্যাটলাস’ও দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

তবে সবচেয়ে বড় বাণিজ্যিক ধাক্কা এসেছে ‘কিস অব দ্য স্পাইডার ওম্যান’ সিনেমা থেকে। লোপেজ অভিনীত এই ছবির প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তাঁর সাবেক স্বামী বেন অ্যাফ্লেক। ছবিটি ঘিরে শুরুতে দর্শকদের আগ্রহ থাকলেও মুক্তির পর বক্স অফিসে তেমন সাড়া মেলেনি। প্রায় তিন কোটি ডলার বাজেটের সিনেমাটি আয় করেছে মাত্র ১৮ লাখ ডলার।

এমন পরিস্থিতিতে অভিনয়ের বাইরে ক্যারিয়ারের অন্য দিকগুলোতে মনোযোগ বাড়ানোর পরিকল্পনা করছেন লোপেজ। বিশেষ করে চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার পাশাপাশি নিজের সংগীতজীবন নিয়েও নতুন করে কাজ করতে চান তিনি। ‘হিট’-এর প্রতিবেদনে উদ্ধৃত সূত্রটির দাবি, কখনো কখনো অভিনয় পুরোপুরি ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন এই গায়িকা ও অভিনেত্রী।

অন্যদিকে, অভিনয় নিয়ে সমালোচনার মধ্যেও লোপেজের পাশে দাঁড়িয়েছেন বেন অ্যাফ্লেক। সাবেক স্ত্রীর পেশাগত দক্ষতা ও পরিশ্রমের প্রশংসা করে তাঁকে নিজের পরিচিতদের মধ্যে অন্যতম পরিশ্রমী মানুষ বলে উল্লেখ করেছেন তিনি। লোপেজের কাজের সমালোচনায় দ্বৈত মানদণ্ড অনুসরণ করা হয় বলেও মনে করেন অ্যাফ্লেক।

তবে চলচ্চিত্রে অনিশ্চয়তা থাকলেও সংগীতের মঞ্চে এখনো সক্রিয় লোপেজ। সংগীতশিল্পী ডেভিড গুয়েতার সঙ্গে তাঁর যৌথ গান ‘সেভ মি টুনাইট’ বিলবোর্ডের ড্যান্স বা মিক্স শো এয়ারপ্লে চার্টে শীর্ষস্থান অর্জন করেছে।

এদিকে, পরপর কয়েকটি সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ায় হলিউডে নিজের ভাবমূর্তি নিয়েও চিন্তিত লোপেজ। প্রতিবেদনে উদ্ধৃত সূত্রের ভাষ্য অনুযায়ী, বক্স অফিসে ধারাবাহিক ব্যর্থতার কারণে ভবিষ্যতে নির্মাতা ও সহশিল্পীরা তাঁর সঙ্গে কাজ করার বিষয়ে অনাগ্রহী হয়ে উঠতে পারেন এমন আশঙ্কাও রয়েছে তাঁর।

দীর্ঘদিনের তারকাখ্যাতি ধরে রেখেও ক্যারিয়ারের এই পর্যায়ে এসে নতুন করে পথ বেছে নেওয়ার কথা ভাবছেন জেনিফার লোপেজ। তবে অভিনয় থেকে সত্যিই সরে দাঁড়াবেন কি না, সে বিষয়ে এখনো তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন