- ৩০ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রথমসারির ও আলোচিত কমান্ডার মো. জুবায়ের (৩৪) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত জুবায়ের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন।
তিনি জানান, বৃহস্পতিবার ভোরে জুবায়ের নিজ বসতঘর থেকে এইচ/২৯ ব্লকের একটি মসজিদের দিকে যাচ্ছিলেন। পথে ইব্রাহিম নামের এক ব্যক্তির বসতঘরের সামনে পৌঁছালে কয়েকজন সশস্ত্র ব্যক্তি দলবদ্ধভাবে তাকে লক্ষ্য করে গুলি চালায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা জুবায়েরকে লক্ষ্য করে আনুমানিক পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে আশপাশের লোকজন জুবায়েরকে উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/৫৯ ব্লকে অবস্থিত এমএসএফ হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
এপিবিএন অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযানও চলছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) বিভিন্ন গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ ও কোন্দল চলছিল। এ বিরোধের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তবে কারা এবং কী কারণে জুবায়েরকে হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি ঘিরে ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
হত্যাকাণ্ডের পর ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।