Friday, February 6, 2026

টেকনাফে ধানের শীষের গাড়িকে লক্ষ্য করে গুলি, শিশুসহ আহত পাঁচজন


ছবিঃ কক্সবাজার টেকনাফে ধানের শীষের প্রার্থীর প্রচারণার গাড়িকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকায় ধানের শীষের প্রার্থীর নির্বাচনি প্রচারণার গাড়িকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ মোট পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আলীখালী রোহিঙ্গা ক্যাম্প–সংলগ্ন ২৫ নম্বর ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুইজন রোহিঙ্গা এবং তিনজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। আহত রোহিঙ্গারা হলেন আলীখালী ক্যাম্প এলাকার নুর হোসেনের ছেলে রহমান (৩৬) এবং নুরুল হকের ছেলে কিশোর মোহাম্মদ জিসান (১৩)।

আহত বাংলাদেশি নাগরিকরা হলেন আলীখালী এলাকার মৃত ভেক্কা মিয়ার ছেলে বাচ্চা মিয়া (৩৮), আব্দুল জলিলের মেয়ে নুসরাত জাহান (১৮) এবং নুর ইসলামের ছেলে শিশু শাহাবুদ্দিন (১১)।

স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে ধানের শীষের প্রার্থীর প্রচারণার গাড়ি আলীখালী এলাকায় প্রবেশ করলে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। এতে গাড়ির আশপাশে থাকা কয়েকজন গুলিবিদ্ধ হন। তবে কারা এ হামলায় জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি।

ঘটনার পর এলাকাবাসী আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচনি প্রচারণার গাড়িতে গুলির ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন