- ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নাটোর
নাটোরের লালপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে মাহদী হাসান মুরাদ (২২) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহদী হাসান মুরাদ লালমনিরহাট জেলার শিবরামপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেকের সন্তান। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী ছিলেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিন পরিবর্তনের জন্য আব্দুলপুর জংশনে যাত্রাবিরতি নেয়। এ সময় মাহদী হাসান মুরাদ ট্রেন থেকে নেমে কিছু কেনার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঠিক তখনই অসাবধানতাবশত তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। পরে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় নিহতের পরিবার ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা এ অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।