Friday, February 6, 2026

পাবনায় নির্বাচনি লিফলেট কুড়াতে গিয়ে শিশুর মৃত্যু


প্রতীকী ছবিঃ ভোটের লিফলেট কুড়াতে গিয়ে অটোভ্যানের ধাক্কায় আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। পাবনা 

পাবনার চাটমোহর উপজেলায় রাস্তার ওপর পড়ে থাকা নির্বাচনি লিফলেট কুড়াতে গিয়ে অটোভ্যানের ধাক্কায় আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বারকোনা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আরাফাত ভাঙ্গুড়া উপজেলার গজারমারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। কয়েকদিন আগে সে তার নানার বাড়িতে বেড়াতে আসে বলে জানিয়েছে পরিবার।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বারকোনা এলাকায় ব্যাটারিচালিত অটোর মাধ্যমে একটি রাজনৈতিক দলের নির্বাচনি প্রচারণা চলছিল। প্রচারণাকালে গাড়ি থেকে লিফলেট ছড়িয়ে পড়ে রাস্তায়। শিশুটি তখন রাস্তা থেকে লিফলেট কুড়াচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোভ্যান তাকে ধাক্কা দেয়।

ধাক্কায় শিশুটির মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পরিবারের সদস্যদের আহাজারিতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন