Monday, March 9, 2026

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু


ছবিঃ যৌথ অভিযান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস ও অপরাধ দমনে যৌথ বাহিনীর একটি বড় ধরনের অভিযান শুরু হয়েছে। সোমবার (৯ মার্চ) ভোর ছয়টার দিকে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির প্রায় চার হাজার সদস্যের অংশগ্রহণে এই অভিযান শুরু হয়।

ভোরের আলো ফুটতেই পুরো এলাকায় অভিযান পরিচালনার প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা বাহিনী। প্রথমে ড্রোন উড়িয়ে সন্দেহভাজন কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করা হয়। পরে ধাপে ধাপে দুর্গম পাহাড়ি এলাকায় প্রবেশ করে সেনাবাহিনীর সাঁজোয়া যান, এপিসি ট্যাংক, পুলিশের জলকামান, ডগ স্কোয়াড ও ভারী অস্ত্রে সজ্জিত একাধিক গাড়ি। অভিযানে সহায়তার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, জঙ্গল সলিমপুর এলাকাকে অপরাধ ও সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যেই এই সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে সেনাবাহিনীর পাশাপাশি র‍্যাব-৭, র‍্যাব-১১, র‍্যাব-১৫, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বিভিন্ন জেলার পুলিশ এবং বিজিবি সদস্যরা অংশ নিয়েছেন।

জানা গেছে, জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রভাব বিস্তার রয়েছে। বিশেষ করে রুকন বাহিনী ও ইয়াসিন বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত পাহাড় কেটে অবৈধভাবে প্লট বিক্রি ও চাঁদা আদায়কে কেন্দ্র করে এসব গোষ্ঠীর কার্যক্রম পরিচালিত হয়।

গত ১৯ জানুয়ারি ইয়াসিন বাহিনীর প্রধানকে গ্রেপ্তারের জন্য র‍্যাব অভিযান চালালে সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই সময় র‍্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে চারজনকে ধরে নিয়ে নির্যাতন করা হয় এবং এক র‍্যাব কর্মকর্তার মৃত্যু হয়।

জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে এটি সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। সরকারি পাহাড় কেটে সেখানে গত চার দশকে গড়ে উঠেছে হাজার হাজার অবৈধ বসতি। বর্তমানে প্রায় ২০ থেকে ২৫ হাজার ঘরে প্রায় দেড় লাখ মানুষের বসবাস রয়েছে, যাদের অনেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে এসে এখানে বসতি স্থাপন করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অভিযান চলমান রয়েছে এবং পুরো এলাকাকে অপরাধমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন