Monday, March 9, 2026

ফরিদগঞ্জে হাঁস চুরির ঘটনায় সালিশের পর যুবকের আত্মহত্যা


ফাইল ছবিঃ মাসুম (১৯) (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চাঁদপুর

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় হাঁস চুরির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় সালিশের পর অপমান সহ্য করতে না পেরে মাসুম (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামের মিজিবাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চরমথুরা গ্রামের আলাউদ্দিন মিজির বড় ছেলে মাসুম ও তার এক সহযোগী শুক্রবার রাতে পাশের পাটওয়ারীবাড়ির নয়ন পাটওয়ারীর তিনটি হাঁস চুরি করে। চুরি করা হাঁস দুটি চীনা এবং একটি দেশি ছিল। পরে ওই হাঁসগুলো নয়নের চাচাতো বোন রাবেয়ার কাছে প্রায় এক হাজার চারশ টাকায় বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন যুবক মাসুমের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে রোববার সকালে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমানের উদ্যোগে এলাকাবাসীকে নিয়ে একটি সালিশ বৈঠক বসে। ওই বৈঠকে মাসুমকে চুরির জন্য দায়ী করা হয় এবং তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে ভবিষ্যতে চুরি না করার প্রতিশ্রুতি হিসেবে সবার সামনে ‘নাকে খত’ দিতে বলা হয়।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর বিকেলে পরিবারের অগোচরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মাসুম। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মাসুমের মা মৌসুমী বেগম অভিযোগ করে বলেন, হাঁস চুরির ঘটনাকে কেন্দ্র করে তার ছেলেকে কয়েক দফা মারধর করা হয় এবং সালিশে তাকে ও তার ছেলেকে অপমানজনক কথা বলা হয়। তিনি দাবি করেন, সেই অপমান সহ্য করতে না পেরেই মাসুম আত্মহত্যার পথ বেছে নেয়। এছাড়া তাদের ঘরেও ভাঙচুর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

মাসুমের খালা সুমি বেগম বলেন, “আমার ভাগ্নেকে মানসিকভাবে চাপে ফেলে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

অন্যদিকে হাঁসের মালিক নয়ন পাটওয়ারী জানান, তাদের বাড়ি থেকে তিনটি হাঁস চুরি হওয়ার পর বিষয়টি জানাজানি হলে তারা মাসুমের বাড়িতে যান এবং পরে স্থানীয় জনপ্রতিনিধিকে জানালে সালিশের ব্যবস্থা করা হয়।

ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, এলাকাবাসীর উপস্থিতিতে চুরির ঘটনার বিচার করা হয়েছিল এবং মাসুমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সন্ধ্যার দিকে তিনি জানতে পারেন, মাসুম নিজ ঘরে আত্মহত্যা করেছে।

পুলিশ জানায়, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য চাঁদপুরে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন