Monday, May 11, 2026

সালিশ বৈঠকে বিএনপি নেতা নিহত, আটক ১


প্রতীকী ছবিঃ সংঘর্ষ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গা 

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে ভুট্টা বিক্রির পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক সালিশ বৈঠকে বিএনপির এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত আলিমুদ্দীন (৫২) শংকরচন্দ্র ইউনিয়নের কুমিরপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ১ নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, আলিমুদ্দীনের ভাতিজা জিয়াউর রহমানের সঙ্গে একই এলাকার লিয়াকত আলীর দীর্ঘদিন ধরে ভুট্টা বিক্রির প্রায় ১৪ লাখ টাকার লেনদেন নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজনের উপস্থিতিতে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, তখন লিয়াকত আলী, তার ছেলে আলামিন এবং সহযোগীরা আলিমুদ্দীনের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের ভাই কালু মণ্ডল দাবি করেন, সালিশের মধ্যেই প্রকাশ্যে তার ভাইকে মারধর করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজন বলেন, দুই পক্ষের মধ্যে আর্থিক বিরোধ মেটানোর চেষ্টা চলছিল। তবে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত লিয়াকত আলীকে আটক করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজান রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন