Sunday, July 12, 2026

লুডু খেলার বিরোধে রক্তাক্ত পরিণতি, হাতুড়ির আঘাতে শাকিলের মৃত্যু


ছবিঃ শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বরিশাল

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে তুচ্ছ বিরোধ রক্তক্ষয়ী পরিণতি ডেকে এনেছে। লুডু খেলা চলাকালে চাল নিয়ে বাকবিতণ্ডার জেরে হাতুড়ির আঘাতে শাকিল পন্ডিত (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জালিরচর গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শাকিল পন্ডিত তার তিন বন্ধু শান্ত, শুভ ও রাকিবকে নিয়ে বাড়ির সামনে একটি কক্ষে বসে লুডু খেলছিলেন। এ সময় প্রতিবেশী সাইদুল মাতাব্বর সেখানে দাঁড়িয়ে খেলা দেখছিলেন। একপর্যায়ে খেলার একটি চালকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে সাইদুল হাতে থাকা একটি হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন।

গুরুতর আহত শাকিল মাটিতে লুটিয়ে পড়লে সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন জানান, ঘটনার পর অভিযুক্ত সাইদুল মাতাব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের ভাষ্য, সামান্য একটি খেলাকে কেন্দ্র করে এমন মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। এমন তুচ্ছ বিরোধে একটি প্রাণ ঝরে যাওয়ায় তারা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন