- ০৭ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচারপ্রক্রিয়া আজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার (৮ ফেব্রুয়ারি) এ মামলার বিচারিক কার্যক্রমে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গুম-সংক্রান্ত অভিযোগের গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া আজ ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন। তাঁর সাক্ষ্যের মাধ্যমে মামলার প্রমাণ উপস্থাপনের মূল পর্ব শুরু হওয়ার কথা রয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার শুনানি পরিচালনা করছেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশন পক্ষ জানায়, শুনানির শুরুতেই মামলার সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরে ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপন করা হবে। এরপর এক নম্বর সাক্ষীর জবানবন্দির মাধ্যমে সাক্ষ্যগ্রহণের কার্যক্রম শুরু হবে।
এর আগে চলতি বছরের ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন এবং সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করেন। গত ১৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। সে সময় তিনি জানান, গুম কমিশনের তদন্ত প্রতিবেদনসহ অভিযোগ প্রমাণে প্রয়োজনীয় সব দলিল ও সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হবে।
ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নিয়ে বিচার শুরুর নির্দেশ দিলে আজকের শুনানির মাধ্যমে মামলাটি বিচারিক পর্যায়ে প্রবেশ করে।