- ১০ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। টাঙ্গাইল
টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হয়ে দুই চোখের দৃষ্টি হারানো তরুণ হিমেলের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতের অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা এবং উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাব্বি সাদকে আটক করা হয়। পরে তাদের হিমেলের মায়ের দায়ের করা মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই নেতাকে আটক করা হয়। এর মধ্যে সোহেল রানাকে বাইমহাটী বাজার এলাকা থেকে এবং আব্দুর রাব্বি সাদকে গাড়াইল এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের ছররা গুলিতে গুরুতর আহত হন হিমেল। পরে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার দুই চোখই স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন।
ঘটনার পর একই বছরের ৭ অক্টোবর হিমেলের মা নাসিমা বেগম আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় ১০০ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও কয়েকশ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে হাজির করা হবে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।