- ০৩ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। বগুড়া
বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিকল পাথরবোঝাই ট্রাকের পেছনে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় বাসের হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাত যাত্রী।
রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশ শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।
নিহতরা হলেন—নওগাঁর ধামুইরহাট উপজেলার চাঁদপীর গ্রামের আবদুল গফফারের ছেলে ও কাঁচামাল ব্যবসায়ী মাসুদুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে বাসের হেলপার মো. নয়ন (৩৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, কয়েক দিন আগে ছোনকা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের ঢাকামুখী লেনে পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে যায়। এরপর ট্রাকটি সড়কের ওই লেনেই দাঁড়িয়ে ছিল।
রোববার রাতে দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল যমুনা লাইন পরিবহনের একটি বাস। একপর্যায়ে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেন।
সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মো. নয়ন ও যাত্রী মাসুদুর রহমান নিহত হন।
এ সময় বাসের অন্তত সাত যাত্রী আহত হন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
হাইওয়ে পুলিশ শেরপুর থানার ওসি আইয়ুব আলী বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে বাসচালক মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি সময়মতো দেখতে পাননি। ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাস ও ট্রাক দুটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে শেরপুর থানায় একটি মামলা করা হয়েছে।