Monday, August 3, 2026

বাকেরগঞ্জে বালুর বস্তায় বিস্ফোরণ, মা-মেয়েসহ একই পরিবারের ৩ জন দগ্ধ


ছবিঃ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বরিশাল

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি বালুর বস্তার ভেতরে থাকা বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনায় মা-মেয়েসহ একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (৩ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের শাহ আলম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, তাদের মেয়ে ইতি এবং নাতি ফাহিম। বিস্ফোরণের পর তাদের শরীরে আগুন ধরে গেলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরিবারের সদস্যদের ভাষ্য, বাড়ির পাশে রাখা বালুর একটি বস্তার ভেতরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় কাছেই অবস্থান করছিলেন হনুফা বেগম, ইতি ও ফাহিম। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তাদের শরীরে আগুন ছড়িয়ে পড়ে।

শাহ আলম হাওলাদারের ছেলে জামাল বলেন, “ঘরের পাশে রাখা বালুর বস্তার মধ্যে বিস্ফোরণ হয়। তখন আমার মা, বোন ও ভাগিনা সেখানে ছিল। বিস্ফোরণের পর তাদের শরীরে আগুন ধরে যায়।”

তিনি আরও বলেন, আগুন থেকে বাঁচতে তারা বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। তবে ততক্ষণে আগুনে তাদের পরনের কাপড় পুড়ে যায়। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

জামাল বলেন, “বালুর বস্তার মধ্যে কীভাবে বোমাসদৃশ বস্তু এলো বা কারা এটি সেখানে রেখেছে, সে বিষয়ে আমাদের কোনো ধারণা নেই।”

বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। কী ধরনের বস্তু বা বিস্ফোরক থেকে এ ঘটনা ঘটেছে, তা যাচাই করা হচ্ছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি বলেন, “বিস্ফোরণে কী ধরনের উপাদান ব্যবহার হয়েছে এবং এর সঙ্গে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।”

বিস্ফোরণের প্রকৃত কারণ এবং বোমাসদৃশ বস্তুটি কীভাবে বালুর বস্তায় এলো, তা জানতে পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন