- ০২ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। দিনাজপুর
দিনাজপুরের বিরলে সাবেক স্বামীর ছুড়ে দেওয়া পেট্রোলে আগুনে দগ্ধ হয়ে সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী মাহবুবুর রহমানকে (৫১) আটক করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্যামলী বিজোড়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত মাহবুবুর রহমান রংপুর মহানগরীর কোতোয়ালি থানার লালবাগ এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে শ্যামলী ও মাহবুবুর রহমানের বিবাহবিচ্ছেদ হয়। এরপর শ্যামলী বাবার বাড়িতে বসবাস করছিলেন। শনিবার রাতে মাহবুবুর জোর করে শ্যামলীর বাবার বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, এ সময় মাহবুবুর তার সঙ্গে থাকা পেট্রোল শ্যামলীর শরীরে ছুড়ে দেন এবং পরে লাইটারের সাহায্যে আগুন ধরিয়ে দেন। আগুনে দগ্ধ হয়ে শ্যামলী চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের উপস্থিতি টের পেয়ে মাহবুবুর সেখান থেকে পালিয়ে যান।
পরে স্বজন ও স্থানীয়রা গুরুতর দগ্ধ অবস্থায় শ্যামলীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে রংপুর নেওয়ার পথে শ্যামলীর মৃত্যু হয়। পরে তাকে আবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে নিহতের মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পরপরই বিরল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত মাহবুবুর রহমানকে আটক করে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।