- ০৩ আগস্ট, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বোনের শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে নাজিম উদ্দিন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ আগস্ট) রাতে অভিযান চালিয়ে নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়। এর আগে একই দিন সকালে কিশোরীর মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা করেন।
অভিযুক্ত নাজিম উদ্দিন উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর বালুয়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. অদনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) ওই কিশোরী একই এলাকায় অবস্থিত তার বড় বোনের শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে সেখানে অবস্থান নেওয়া নাজিম উদ্দিন তাকে জোর করে তুলে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত যুবক কিশোরীর মুখে ওড়না পেঁচিয়ে তাকে ধর্ষণ করেন। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন। ঘটনাটি টের পেয়ে তিনি ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে নাজিম উদ্দিন সেখান থেকে পালিয়ে যান।
পরে বিষয়টি কিশোরীর পরিবারের সদস্যদের জানানো হয়। এরপর কিশোরীর মা কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে।
তিনি বলেন, “ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।