- ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নাটোর
নাটোরের গুরুদাসপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক মা ও তার শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। আগুনে একাধিক বসতঘর ও একটি মুদিদোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক চারটার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, আতিয়া খাতুন (৩০) ও তার কন্যা রওজা খাতুন ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন লাগার পর তারা বের হতে না পারায় আগুনে আটকা পড়ে দুজনই প্রাণ হারান। এ সময় পাশের একটি ঘর থেকে দগ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়।
অগ্নিকাণ্ডে ওই পরিবারের চারটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। পাশাপাশি পাশের একটি মুদিদোকানও আগুনে পুড়ে যায়। আগুনে ১২টি ছাগল মারা গেছে। স্থানীয়দের ধারণা, এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে নিহত মা ও শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।