- ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গাজীপুর বারের আইনজীবী অ্যাডভোকেট সাজেদুজ্জামান ভূঁইয়ার নেতৃত্বে আওয়ামী লীগের শতাধিক সমর্থক, নেতাকর্মী ও আইনজীবী বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরের গাজীপুর ক্লাবে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে তাদের যোগদান সম্পন্ন হয়।
এ সময় গাজীপুরের দুটি আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির হাতে ফুল দিয়ে নতুন সদস্যরা দলে যোগ দেন।
যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট সাজেদুজ্জামান ভূঁইয়া বলেন, ৫ আগস্টের পর দেশের সাধারণ মানুষের মধ্যে যে নতুন বাংলাদেশের স্বপ্ন জেগে উঠেছে, সেই স্বপ্ন ও প্রত্যাশা থেকেই তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম শামীম, মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, সাবেক সভাপতি কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া, সাবেক সহসভাপতি এ কে এম মোফাজ্জল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক জিএস মো. নাসিমুল ইসলাম মনির।
এ ছাড়া মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, যুগ্ম আহ্বায়ক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রোহানুজ্জামান শুক্কুর, মহানগর ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম মোল্লাসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, নতুন করে যোগ দেওয়া নেতাকর্মীদের মাধ্যমে গাজীপুরে দল আরও শক্তিশালী হবে এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।