Saturday, February 7, 2026

আগুন নেভানোর প্রযুক্তিতে বিপ্লব আনছেন হেন টেকনোলজিসের প্রতিষ্ঠাতা সানি শেঠি


ছবিঃ আগুন নেভানোর প্রযুক্তি হেন টেকনোলজিস (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আগুন নেভানোর প্রযুক্তি গত কয়েক দশক ধরে প্রায় অপরিবর্তিত থাকলেও সেই ধারায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্টআপ হেন টেকনোলজিস (HEN Technologies)। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সানি শেঠির নেতৃত্বে তৈরি বিশেষায়িত ফায়ার নোজল আগুন আগের তুলনায় তিন গুণ দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম, পাশাপাশি প্রায় দুই-তৃতীয়াংশ পানি সাশ্রয় করে বলে দাবি করা হচ্ছে।

সানি শেঠির পেশাগত জীবন কোনো নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ ছিল না। ইউনিভার্সিটি অব অ্যাকরন থেকে পিএইচডি সম্পন্ন করার পর তিনি ন্যানোটেকনোলজি, সৌরবিদ্যুৎ, সেমিকন্ডাক্টর এবং অটোমোটিভ শিল্পে কাজ করেন। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ও বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতা তাকে সমস্যা সমাধানে ভিন্ন দৃষ্টিভঙ্গি দেয়।

২০১৩ সালে পরিবারসহ ক্যালিফোর্নিয়ায় বসবাস শুরু করার পর একের পর এক ভয়াবহ দাবানলের অভিজ্ঞতা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। বিশেষ করে ২০১৯ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তাকে আগুন নেভানোর প্রযুক্তি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। এর ফলেই ২০২০ সালে ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ড শহরে প্রতিষ্ঠিত হয় হেন টেকনোলজিস।

জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত গবেষণায় প্রতিষ্ঠানটি পানির প্রবাহ, গতি ও ফোঁটার আকার নিয়ন্ত্রণের মাধ্যমে আগুন দমনের কার্যকারিতা বাড়ানোর প্রযুক্তি তৈরি করে। শুধু নোজল নয়, বর্তমানে হেন মনিটর, ভালভ, স্প্রিংকলার, চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সেন্সরভিত্তিক স্মার্ট ডিভাইস তৈরি করছে। এসব যন্ত্রের মাধ্যমে আগুন নেভানোর পুরো প্রক্রিয়া ডিজিটালভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে।

হেন টেকনোলজিস একটি ক্লাউডভিত্তিক প্ল্যাটফর্মও তৈরি করেছে, যা ফায়ার সার্ভিসকে পানি ব্যবহারের পরিমাণ, চাপ, আবহাওয়া ও অবস্থান সংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে জানায়। এতে পানির সংকট, হাইড্রেন্ট চাপ কমে যাওয়া বা হঠাৎ বাতাসের দিক পরিবর্তনের মতো ঝুঁকি আগেভাগেই শনাক্ত করা যায়।

এই প্রযুক্তির ফলে যুক্তরাষ্ট্রের মেরিন কর্পস, সেনাবাহিনী, নাসা, নৌ গবেষণাগারসহ বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যে হেনের গ্রাহক হয়েছে। প্রতিষ্ঠানটি বর্তমানে ২২টি দেশে পণ্য সরবরাহ করছে এবং দেড় হাজারের বেশি ফায়ার ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করছে।

আর্থিক দিক থেকেও দ্রুত এগোচ্ছে হেন টেকনোলজিস। ২০২৩ সালে বাজারে যাত্রার পর থেকে প্রতিষ্ঠানটির আয় ধারাবাহিকভাবে বেড়েছে। চলতি বছরে তাদের রাজস্ব ২০ মিলিয়ন ডলার ছাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ২০ মিলিয়ন ডলারের সিরিজ ‘এ’ বিনিয়োগও পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হেন টেকনোলজিস শুধু ফায়ারফাইটিং সরঞ্জাম বিক্রি করছে না, বরং বাস্তব আগুন পরিস্থিতি থেকে সংগৃহীত মূল্যবান ডেটা ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পূর্বাভাসভিত্তিক জরুরি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সানি শেঠির ভাষায়, “আগুন নেভানোই শেষ লক্ষ্য নয়; সঠিক তথ্য ও প্রযুক্তির মাধ্যমে জীবন ও সম্পদ রক্ষা করাই আমাদের মূল উদ্দেশ্য।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন