Thursday, February 5, 2026

পিছিয়ে পড়ার শঙ্কা কাটিয়ে উঠল অ্যালফাবেট: এআই বিনিয়োগে শক্ত অবস্থান গুগলের


ছবিঃ লন্ডন, যুক্তরাজ্যে গুগলের কার্যালয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক পথচারী। ছবি: ১৪ আগস্ট ২০২৫। (সংগৃহীত । রয়টার্স/সুজান প্লাঙ্কেট)

স্টাফ রিপোর্ট: PNN 

এক বছর আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতায় পিছিয়ে আছে বলে মনে করা হচ্ছিল গুগলকে। কিন্তু পরিস্থিতি এখন বদলে গেছে। গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট এআই খাতে শক্ত অবস্থান তৈরি করে আবারও বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে।

সাম্প্রতিক আয়ের প্রতিবেদন প্রকাশের পর বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় অ্যালফাবেটের শীর্ষ কর্মকর্তারা আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী সুরে কথা বলেন। বিশেষ করে নতুন জেমিনি ৩ মডেল বাজারে আসার পর গুগলের এআই সক্ষমতা নিয়ে ইতিবাচক সাড়া মিলছে, যা প্রতিষ্ঠানটিকে ওপেনএআইসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বীর সঙ্গে প্রতিযোগিতায় শক্ত অবস্থানে এনেছে।

অ্যালফাবেট জানিয়েছে, এআই খাতে করা বড় বিনিয়োগ এখন পুরো কোম্পানির আয় ও প্রবৃদ্ধিতে প্রভাব ফেলতে শুরু করেছে। এই অগ্রগতির ধারাবাহিকতায় ২০২৬ সালে প্রতিষ্ঠানটি মূলধনী ব্যয় প্রায় দ্বিগুণ করে ১৭৫ থেকে ১৮৫ বিলিয়ন ডলারে উন্নীত করার বিষয়টি বিবেচনা করছে। এই ব্যয়ের বড় অংশই যাবে এআই কম্পিউটিং অবকাঠামোতে।

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বলেন, “আমাদের এআই বিনিয়োগ ও অবকাঠামো এখন সব ব্যবসা খাতে আয় ও প্রবৃদ্ধি বাড়াতে ভূমিকা রাখছে।”

পিচাই আরও জানান, ওপেনএআইয়ের চ্যাটজিপিটির সঙ্গে প্রতিযোগিতায় থাকা গুগল জেমিনি অ্যাপ গত ডিসেম্বর শেষে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৭৫ কোটিতে পৌঁছেছে, যা আগের প্রান্তিকের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। একই সঙ্গে জেমিনি ৩ চালুর পর ব্যবহারকারীদের সম্পৃক্ততা আগের চেয়ে অনেক বেড়েছে।

এআই প্রযুক্তি এখন গুগলের সার্চ ইঞ্জিনের ‘এআই মোড’ এবং এন্টারপ্রাইজ সংস্করণেও ব্যবহৃত হচ্ছে। কোম্পানির তথ্য অনুযায়ী, এন্টারপ্রাইজ জেমিনির পেইড লাইসেন্স ব্যবহারকারী এখন ৮০ লাখে পৌঁছেছে।

প্রথমে বড় অঙ্কের বিনিয়োগ পরিকল্পনার কারণে শেয়ারবাজারে কিছুটা অস্থিরতা দেখা দিলেও, গুগল ক্লাউড ব্যবসার শক্তিশালী পারফরম্যান্স দ্রুত সেই উদ্বেগ কমিয়ে দেয়। ডিসেম্বর প্রান্তিকে গুগল ক্লাউডের আয় প্রায় ৪৮ শতাংশ বেড়েছে, যা বাজারের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, এআই বিনিয়োগ থেকে বাস্তব আর্থিক সুফল দেখাতে পারায় ওয়াল স্ট্রিটে গুগলের প্রতি আস্থা আরও দৃঢ় হয়েছে। বর্তমানে অ্যালফাবেট বাজারমূল্যে চার ট্রিলিয়ন ডলারের বেশি মূলধনী প্রতিষ্ঠানের তালিকায় এনভিডিয়া ও অ্যাপলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে।

অন্যদিকে, ওপেনএআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে কিছু প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারে চাপ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের চোখে গুগল এখন তুলনামূলকভাবে বেশি নিরাপদ ও শক্তিশালী অবস্থানে রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন