- ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান কুপ্যাং (Coupang) জানিয়েছে, গত বছর প্রকাশ পাওয়া বড় ধরনের তথ্যফাঁসের ঘটনায় আরও অন্তত ১ লাখ ৬৫ হাজার ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অননুমোদিতভাবে প্রকাশ পেয়েছে। এ ঘটনায় দেশটির সরকারের নেতৃত্বে চলমান তদন্ত অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে কুপ্যাং জানায়, নতুন করে শনাক্ত হওয়া এই তথ্যফাঁসে গ্রাহকদের নাম, ফোন নম্বর ও ঠিকানাসহ যোগাযোগসংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। তবে আর্থিক লেনদেনের কোনো তথ্য, লগইন তথ্য, ই-মেইল, অর্ডার ইতিহাস কিংবা প্রবেশপথের পাসওয়ার্ড এ ঘটনায় প্রকাশ পায়নি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
এর আগে গত নভেম্বরে কুপ্যাং জানায়, একটি বড় ধরনের সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ফলে ৩ কোটি ৩০ লাখের বেশি গ্রাহকের ব্যক্তিগত তথ্য ঝুঁকির মুখে পড়ে। ওই ঘটনার পর থেকেই কোম্পানিটির বিরুদ্ধে সরকারি তদন্ত চলছে।
কুপ্যাং কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে শনাক্ত হওয়া তথ্যফাঁসটি কোনো আলাদা বা সাম্প্রতিক ঘটনা নয়। এটি মূলত গত বছরের নভেম্বরে প্রকাশ পাওয়া একই নিরাপত্তা লঙ্ঘনের অংশ। সরকারের নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত সব ব্যবহারকারীকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডেটা সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে কুপ্যাংয়ের এই ঘোষণা দক্ষিণ কোরিয়ায় অনলাইন প্ল্যাটফর্মগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তদন্ত শেষে এ বিষয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়, সেদিকে নজর রাখছেন সংশ্লিষ্টরা।