- ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত পরিবর্তনের স্পষ্ট নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত নিজের অবস্থান থেকে সরে না আসার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ অবস্থায় টানা দ্বিতীয় লিগ ম্যাচ বয়কট করার সিদ্ধান্তও বহাল রেখেছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার।
ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ক্লাব ও বিনিয়োগকারী পক্ষের কাছ থেকে ইতিবাচক সাড়া না পেলে আগামী জুনে আল নাসর ছাড়ার আনুষ্ঠানিক আবেদন করতে পারেন রোনালদো। এরই মধ্যে গত সোমবার আল রিয়াদের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পাওয়া ম্যাচেও মাঠে নামেননি তিনি।
রোনালদোর অভিযোগ, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আল নাসরের তুলনায় প্রতিদ্বন্দ্বী আল হিলালকে বেশি সুবিধা ও বিনিয়োগ দিচ্ছে। তার দাবি, এতে শিরোপা দৌড়ে ভারসাম্য নষ্ট হচ্ছে। এমনকি আল ইত্তিহাদ থেকে ফরাসি তারকা করিম বেনজেমাকে আল হিলালে নেওয়ার প্রক্রিয়া নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।
যদিও ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থাকলেও পুরো সপ্তাহ জুড়ে দলের অনুশীলনে অংশ নিয়েছেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের ছবি শেয়ার করলেও ক্লাবের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তার উপস্থিতি দেখা যায়নি।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, রোনালদো ক্লাব কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন—ব্যবস্থাপনার ক্ষমতা পুনর্বহাল, ভবিষ্যতে ট্রান্সফার সিদ্ধান্তে হস্তক্ষেপ না করার নিশ্চয়তা এবং প্রতিযোগিতামূলক দল গঠনের আশ্বাস পেলেই কেবল তিনি মাঠে ফিরবেন। শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে আল নাসরের।
সম্প্রতি ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর সিমাও কৌতিনহো ও প্রধান নির্বাহী কর্মকর্তা জোসে সেমেদোকে পিআইএফ সাময়িক বরখাস্ত করলে পরিস্থিতি আরও জটিল হয়। একই সঙ্গে ক্লাবের ব্যয় সংকোচনের সিদ্ধান্তও রোনালদোর অসন্তোষ বাড়িয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, আল হিলাল বড় অঙ্কের আর্থিক সহায়তা পেয়েছে ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালালের কাছ থেকে। এই বিনিয়োগের মাধ্যমেই বেনজেমাসহ সাম্প্রতিক তারকা ফুটবলারদের দলে ভেড়ানো সম্ভব হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২০২২ সালে আল নাসরে যোগ দেওয়ার পর এখনো বড় কোনো শিরোপার স্বাদ পাননি রোনালদো। ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে আগ্রহ থাকলেও আসন্ন বিশ্বকাপ প্রস্তুতির কথা বিবেচনায় নিয়ে এখনই ক্লাব ছাড়তে চান না তিনি। গত গ্রীষ্মে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হলেও সেখানে প্রায় ৫ কোটি ইউরোর রিলিজ ক্লজ রয়েছে।
তবে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ তাদের সবচেয়ে বড় তারকাকে হারাতে চায় না। গ্রীষ্মকালীন দলবদলে বড় বিনিয়োগের আশ্বাস দিয়েছে আল নাসর ও পিআইএফ। সম্ভাব্য নতুন তারকা হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেসের নামও আলোচনায় রয়েছে।
এদিকে আল হিলালের প্রধান নির্বাহী কর্মকর্তা এসতেভে কালজাদা দাবি করেছেন, রোনালদো ও আল নাসরের অসন্তোষের বিষয়টি তিনি বুঝতে পারছেন না। তার মতে, বেনজেমার মতো তারকার আগমনে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বাণিজ্যিক ও গণমাধ্যম ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ছে।
বর্তমানে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় আল হিলাল এক পয়েন্ট ব্যবধানে আল নাসরের চেয়ে এগিয়ে শীর্ষস্থানে রয়েছে।