Sunday, April 19, 2026

বাংলাদেশ ইস্যুতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট: পাকিস্তানকে ধন্যবাদ ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের


ছবিঃ ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও পাকিস্তান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। ড. আসিফ নজরুল পাকিস্তানের এই অবস্থানকে বাংলাদেশের প্রতি দৃঢ় সংহতির বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে ক্রীড়া উপদেষ্টা বলেন, খেলাধুলার মাঠে রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে পাকিস্তানের নেওয়া সিদ্ধান্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তিনি মনে করেন, ক্রিকেটকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ক্ষেত্রে পাকিস্তানের এই অবস্থান আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে একটি শক্ত বার্তা দেবে।

ড. আসিফ নজরুল জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার দেশটির মন্ত্রিসভার বৈঠকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ না খেলার ঘোষণা দেন। ওই বৈঠকে শেহবাজ শরীফ বলেন, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয় এবং বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘটনায় পাকিস্তানের বাংলাদেশের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।

এই সিদ্ধান্তকে ‘খুবই যথাযথ’ আখ্যা দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরালো হবে।

ক্রিকেটভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে পাকিস্তান সরকার বাংলাদেশের প্রতি গভীর সংহতির প্রতীক হিসেবে দেখছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন, চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর মূল লক্ষ্য হলো ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত রাখা।

শেহবাজ শরীফ আরও বলেন, ক্রিকেট মাঠে কোনো ধরনের বৈষম্য বা রাজনৈতিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। বর্তমান বাস্তবতায় বাংলাদেশের পাশে দাঁড়ানোই সঠিক ও ন্যায়সংগত পদক্ষেপ বলে তিনি মনে করেন।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। একই সঙ্গে বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওপরও বাড়তি চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন

  • ১৯ এপ্রিল, ২০২৬
Moeen Ali moves from IPL to PSL