Wednesday, February 4, 2026

ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত, শাস্তির সুযোগ নেই: এহসান মানি


ফাইল ছবিঃ পাকিস্তান টিম (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। এ সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। শোনা যাচ্ছে, এমন সিদ্ধান্তের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কঠোর শাস্তির মুখে পড়তে পারে। তবে আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি মনে করেন, এ ক্ষেত্রে পাকিস্তানকে শাস্তি দেওয়ার সুযোগ নেই আইসিসির।

গত রোববার পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ঘোষণায় জানায়, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান দল, তবে নির্ধারিত সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে তারা মাঠে নামবে না। সরকারের এই সিদ্ধান্ত মেনে চলার কথা জানায় পিসিবি।

এই ঘোষণার পরই ক্রিকেট বিশ্বে উত্তেজনা ছড়ায়। কারণ, ভারত-পাকিস্তান ম্যাচকে আইসিসির সবচেয়ে লাভজনক আয়োজনগুলোর একটি হিসেবে ধরা হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, এই ম্যাচ না হলে বিপুল অঙ্কের রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে জরিমানা, ক্ষতিপূরণ আদায় কিংবা টুর্নামেন্টের আর্থিক পাওনা আটকে দেওয়ার মতো ব্যবস্থা নিতে পারে—এমন গুঞ্জনও শোনা যাচ্ছে।

তবে এসব আশঙ্কা উড়িয়ে দিয়েছেন আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পিসিবি যদি তাদের সরকারের নির্দেশ অনুসরণ করে, তাহলে আইসিসির পক্ষে শাস্তি আরোপ করা নৈতিক বা আইনগতভাবে ঠিক হবে না।” তিনি উদাহরণ টেনে বলেন, একই যুক্তিতে ভারত এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল। সে ক্ষেত্রে দ্বৈত মানদণ্ড গ্রহণযোগ্য হতে পারে না।

২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা মানি আরও বলেন, “আইসিসি এমন একটি পরিবেশ তৈরি করেছে, যেখানে বোর্ডগুলো প্রয়োজনে সরকারের সিদ্ধান্তের কথা সামনে আনতে পারে। বিশেষ করে পাকিস্তানের ক্ষেত্রে বিষয়টি আরও স্পষ্ট, কারণ পিসিবির বর্তমান চেয়ারম্যান একই সঙ্গে সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী।”

প্রসঙ্গত, নিরাপত্তা ইস্যুতে অতীতে বাংলাদেশও ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানালেও তা মানেনি আইসিসি। সেই ঘটনার প্রেক্ষাপট উল্লেখ করে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তকে সংহতির অংশ হিসেবেই দেখছে সংশ্লিষ্ট মহল।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন