- ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। ফলে এ বিষয়ে এখন আপিলের মূল শুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী এবং যমুনা ব্যাংক পৃথকভাবে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। আপিল বিভাগ লিভ মঞ্জুর করায় এসব আবেদনের ওপর পূর্ণাঙ্গ আপিল শুনানি হবে।
আদেশের পর জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন জানান, আপিল বিভাগ আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছেন। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের নির্বাচনী ফলাফল প্রকাশ করা যাবে না।
ঘটনার পেছনের প্রেক্ষাপটে জানা যায়, গত ৩ জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আসলাম চৌধুরীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। তবে তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকী। একই অভিযোগে সংশ্লিষ্ট যমুনা ব্যাংকও আলাদা আপিল দায়ের করে।
গত ১৮ জানুয়ারি শুনানি শেষে নির্বাচন কমিশন উভয় আপিল খারিজ করে দেয়। ফলে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে।
নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আনোয়ার সিদ্দিকী ও যমুনা ব্যাংক পৃথকভাবে হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট রিট আবেদন খারিজ করে দেন এবং প্রার্থিতা বহালের সিদ্ধান্ত বহাল রাখেন।
এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। গত ২৯ জানুয়ারি চেম্বার আদালতে বিষয়টি ওঠে এবং সেদিনই নিয়মিত আপিল বিভাগের বেঞ্চে শুনানির নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে হাইকোর্টের রায়ের প্রত্যায়িত অনুলিপি পাওয়ার পর আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল দায়ের করেন।
এই লিভ টু আপিল ও যমুনা ব্যাংকের আবেদনের ওপর সোমবার শুনানি শেষে মঙ্গলবার আদেশ দেন আপিল বিভাগ।
শুনানিকালে আনোয়ার সিদ্দিকীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী যুক্তি উপস্থাপন করেন। আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস। যমুনা ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।