Wednesday, February 4, 2026

মহেশখালী–কুতুবদিয়াকে আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রে রূপান্তরের আশ্বাস জামায়াত আমিরের


ছবিঃ মহেশখালীতে নির্বাচনী জনসভায় বক্তব্যকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। মহেশখালী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে জনগণকে অপমানজনক বেকার ভাতার ওপর নির্ভরশীল রাখা হবে না; বরং সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। তিনি জানান, কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া অঞ্চলকে কেন্দ্র করে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে আন্তর্জাতিক মানের বাণিজ্যকেন্দ্রে পরিণত করার পরিকল্পনা রয়েছে।

সোমবার কক্সবাজারের মহেশখালীতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, যথাযথ পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে এই অঞ্চলকে সিঙ্গাপুর কিংবা হংকংয়ের চেয়েও উন্নত মানের অর্থনৈতিক অঞ্চলে রূপ দেওয়া সম্ভব।

বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে সমালোচনা করে জামায়াত আমির বলেন, পুরোনো ও অকার্যকর নেতৃত্ব দিয়ে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়। তাঁর মতে, দেশকে এগিয়ে নিতে হলে প্রচলিত “পচে যাওয়া” রাজনীতির পরিবর্তন জরুরি।

ডা. শফিকুর রহমান আরও জানান, সরকার গঠনের সুযোগ পেলে কক্সবাজার অঞ্চলের লবণ শিল্পকে সুরক্ষা ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে, যা দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের একটি প্রধান দাবি।

তিনি বলেন, বিভাজনের রাজনীতি নয়, ঐক্যবদ্ধ জাতি গঠনের মাধ্যমেই একটি নতুন বাংলাদেশ নির্মাণ করা হবে। নির্ধারিত তারিখ থেকে দেশে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জনসভায় উপস্থিত ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা দাঁড়িপাল্লা প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন কামনা করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন