Sunday, October 25, 2026

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী


ছবিঃ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজারের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, বিশ্ব খাদ্যসূচকে ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। এরপরও একটি মহল পরিকল্পিতভাবে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো উদ্যোগ জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সঙ্গে বিএনপির রাজনৈতিক সমঝোতার অভিযোগের বিষয়ে রিজভী বলেন, আওয়ামী লীগের সঙ্গে চুক্তি হয়েছে বলে যারা দাবি করছেন, তাঁদের এ-সংক্রান্ত প্রমাণ ও নথিপত্র সামনে আনতে হবে। অন্যদিকে, আওয়ামী লীগের সঙ্গে অন্যদের আঁতাতের বিষয়ে তাঁদের কাছে তথ্যপ্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন