Saturday, October 24, 2026

মগবাজারে আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের নিন্দা


ছবিঃ আসিফের গাড়িতে গুলি: জড়িতদের আইনের আওতায় আনার দাবি জামায়াতের (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে রাজধানীর মগবাজারে গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে তিনি বলেন, মগবাজারে আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। দেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পীর গাড়িতে এ ধরনের হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জুবায়েরের ভাষ্য, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড জননিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকি তৈরি করে। নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

জামায়াতের এই নেতা বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে গুলিবর্ষণের পেছনের প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন