Thursday, October 22, 2026

সাজেকের পরিস্থিতি নিয়ে প্রশ্ন শফিকুর রহমানের, সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদক্ষেপের আহ্বান


ফাইল ছবিঃ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেককে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রকৃত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিস্থিতি মোকাবিলায় সুস্পষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাজেকে কী ঘটছে, সেই প্রশ্ন তুলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

পোস্টে শফিকুর রহমান বলেন, ‘রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? ভুয়া গোয়েন্দা তথ্যের পেছনে না দৌঁড়ে সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘সাধারণ নাগরিকদের জীবন নিয়ে তামাশা করার অধিকার কারও নেই। সময় থাকতে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন।’

সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। অবরোধ চলাকালে বাঘাইহাটের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একই এলাকায় ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলির খবরও পাওয়া গেছে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং চিহ্নিত সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়াসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে।

অবরোধের কারণে সাজেক ভ্যালিতে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাঙামাটি জেলা প্রশাসন সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে ভ্রমণ থেকে বিরত থাকতে বলেছে।

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক তথ্যের ভিত্তিতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেন জামায়াত আমির।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন