- ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে নতুন শিক্ষা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আইনের একটি খসড়া প্রকাশ করা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই খসড়া জনসমক্ষে প্রকাশ করে। খসড়ার বিষয়ে মতামত আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে নির্ধারিত ই-মেইলে পাঠাতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আইনের মাধ্যমে নিরক্ষরতা দূরীকরণ, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার বিস্তার এবং সবার জন্য মানসম্পন্ন শিক্ষার সুযোগ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থাকে বৈষম্যহীন, সর্বজনীন ও জীবনব্যাপী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
খসড়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের অধিকার ও কল্যাণ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সময়োপযোগী ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিদ্যমান শিক্ষা-সংক্রান্ত আইনগুলোকে আরও সমন্বিত ও কার্যকর করার কথাও উল্লেখ রয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রচলিত আইনের ঘাটতি পূরণ এবং বাস্তবমুখী শিক্ষানীতির প্রতিফলন ঘটাতে পরিপূরক ও সম্পূরক বিধান সংযোজনের উদ্দেশ্যেই নতুন এই আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, খসড়া আইন সম্পর্কে মতামত পাঠাতে হবে opinion_edu_act@moedu.gov.bd ঠিকানায়। প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা করে চূড়ান্ত আইন প্রণয়নের ক্ষেত্রে বিবেচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।