Wednesday, February 4, 2026

৫০তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্নপত্রে প্রচুর বানান ভুল


প্রতীকী ছবিঃ বিসিএস প্রিলিমিনারি প্রশ্নপত্র (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠিত ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে ব্যাপক বানান ভুল ধরা পড়েছে। দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদন অনুযায়ী, প্রশ্নপত্রে অন্তত ১৭৭টি বানান ভুল শনাক্ত করা গেছে, যা পরীক্ষার্থী এবং সাধারণ পাঠক উভয়কেই অবাক করেছে। পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত।

প্রশ্নপত্রের ভুলগুলোর মধ্যে রয়েছে আচরণকে ‘আচরন’, পরিগণিতকে ‘পরিগনিত’, গবেষণাকে ‘গবেষনা’, সাধারণকে ‘সাধারন’, ধারণাকে ‘ধারনা’, জনগণকে ‘জনগন’, উদাহরণকে ‘উদাহরন’, সম্প্রসারণকে ‘সম্প্রসারন’, বহুমুখীকরণকে ‘বহুমুখীকরন’, নিয়ন্ত্রণকে ‘নিয়ন্ত্রন’ এবং অংশগ্রহণকে ‘অংশগ্রহন’ ইত্যাদি। এছাড়াও চর্যাপদের প্রাচীন কবি ভুসুকুপা-এর নাম লেখা হয়েছে ‘ভুসুরুপা’ এবং পল্লিকবি জসীমউদ্দীনের নাম লেখা হয়েছে ‘জসীমউদ্দীন’।

এক বিসিএস পরীক্ষার্থী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, “প্রশ্নপত্রে এত বানান ভুল দেখে আমি সত্যিই হতবাক। যেখানে ভালো করতে হলে পরীক্ষার্থীদের প্রমিত বানান জানতে হয়, সেখানে প্রশ্নপত্রের ভুল বানান লজ্জাজনক।”

বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, “আমি প্রশ্নপত্রটি দেখিনি। তবে এই ধরনের অভিযোগ থাকলে সেটা যাচাই করা হবে।” তিনি আরও উল্লেখ করেন, মূর্ধন্য-ণ-এর স্থলে দন্ত্য-ন ব্যবহার প্রশ্নবিদ্ধ, এবং এর জন্য অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত ছিল।

বিজ্ঞজনরা বলছেন, দেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক এই পরীক্ষার প্রশ্নপত্রে বানান ভুল থাকা শিক্ষার্থীদের মনোবল ও পরীক্ষা মানের উপর প্রভাব ফেলতে পারে। তারা আশা করছেন, ভবিষ্যতে পিএসসি পরীক্ষার প্রস্তুতি ও প্রশ্নপত্র যাচাই প্রক্রিয়ায় আরও মনোযোগী হবে, যাতে এই ধরনের অবাঞ্ছিত ভুল এড়ানো যায়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন