Wednesday, February 4, 2026

জাবি সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু


ছবিঃ সাইফুল ইসলাম রনি (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আশুলিয়ার ইসলামনগর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। নিহতের নাম মো. সাইফুল ইসলাম রনি। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একজন নেতা হিসেবেও পরিচিত ছিলেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম সিদ্দিক।

পুলিশ সূত্রে জানা যায়, গুরুতর দগ্ধ অবস্থায় দীর্ঘ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর রনির শারীরিক অবস্থার অবনতি ঘটে। মৃত্যুর পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং নিজ বাড়িতে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।

রনির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে জানান, অল্প কয়েকদিন আগেও রনির সঙ্গে তার দেখা হওয়ার কথা ছিল। কিন্তু অকালেই সেই তরুণ প্রাণ ঝরে গেল বলে তিনি গভীর দুঃখ প্রকাশ করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ইসলামনগরের একটি ভবনের দ্বিতীয় তলায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা চারজন দগ্ধ হন। আহতদের মধ্যে সাইফুল ইসলাম রনি ছাড়াও ছিলেন আব্দুস সোবহান রায়, হাসিনুর ও রাহাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। গুরুতর আহত রনি ও হাসিনুরকে দ্রুত ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। অন্য দুইজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম রনির শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। বিশেষ করে তার পিঠ, হাত এবং একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তারা আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন