- ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীরের পক্ষে ভোট চেয়ে মাঠে নামলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন সিটি করপোরেশনের সাবেক কয়েকজন কাউন্সিলর ও বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে নগরের আম্বরখানা এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে দরগাগেট, চৌহাট্টাসহ আশপাশের এলাকায় প্রায় এক ঘণ্টাব্যাপী গণসংযোগ চালানো হয়। এ সময় খন্দকার আবদুল মুক্তাদীরও সরাসরি কর্মসূচিতে অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, খন্দকার আবদুল মুক্তাদীর ও আরিফুল হক চৌধুরী দুজনই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সিলেট নগর রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। একসময় সিলেট-১ আসনে মনোনয়নপ্রত্যাশী থাকলেও শেষ পর্যন্ত বিএনপি এই আসনে মুক্তাদীরকে প্রার্থী ঘোষণা করে। অন্যদিকে আরিফুল হক চৌধুরীকে সিলেট-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়। এ প্রেক্ষাপটে দলীয় ঐক্যের বার্তা স্পষ্ট করতেই আরিফুলের নেতৃত্বে এই গণসংযোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় নেতারা।
মহানগর বিএনপির একাধিক নেতা জানান, দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের কারণে আরিফুল হক চৌধুরীর সঙ্গে নগরবাসীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাঁর সরাসরি অংশগ্রহণে নির্বাচনী মাঠে ইতিবাচক বার্তা যাবে—এমন প্রত্যাশা থেকেই এই কর্মসূচি জোরালোভাবে আয়োজন করা হয়।
লিফলেট বিতরণের সময় খন্দকার আবদুল মুক্তাদীর ও আরিফুল হক চৌধুরী একসঙ্গে হাত তুলে উপস্থিত মানুষের অভিবাদনের জবাব দেন। এ সময় নেতা-কর্মীরা নানা স্লোগানে মুখর করে তোলেন এলাকা।
গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দুইবার সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে দীর্ঘ সময় নগরবাসীর সেবা করার সুযোগ পেয়েছেন। তাঁর দাবি, বিএনপি ক্ষমতায় থাকাকালে সিলেটের উন্নয়ন ছিল দৃশ্যমান। তিনি আরও বলেন, দলের সব নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করছেন এবং উন্নয়নের স্বার্থে সিলেটবাসী মুক্তাদীরকে ভোট দেবেন বলে তিনি আশাবাদী।
খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, আরিফুল হক চৌধুরীর এই অংশগ্রহণ নির্বাচনী প্রচারণায় নতুন গতি এনে দিয়েছে। ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ায় তিনি আরিফুলসহ সাবেক কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, দলীয় ঐক্য ও নেতা-কর্মীদের সম্মিলিত প্রচেষ্টাই সিলেট-১ আসনে বিজয়ের পথ সুগম করবে।