Wednesday, February 4, 2026

ঢাকা-১১ আসনে এম এ কাইয়ুমের প্রার্থিতা বহাল, রিট সরাসরি খারিজ হাইকোর্টের


ছবিঃ এম এ কাইয়ুম ও নাহিদ ইসলাম (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। একই আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

আদালতের আদেশের পর এম এ কাইয়ুমের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম জানান, রিট খারিজ হওয়ায় কাইয়ুমের নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা রইল না। তিনি বলেন, কাইয়ুম শুরু থেকেই নির্বাচনী প্রক্রিয়ায় রয়েছেন এবং আদালতের এই আদেশের মাধ্যমে তার প্রার্থিতা নিশ্চিত হলো।

অন্যদিকে নাহিদ ইসলামের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন জানান, হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের শরণাপন্ন হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এর আগে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গত ৩ জানুয়ারি এম এ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। পরে ২২ জানুয়ারি তাকে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ বরাদ্দ দেওয়া হয়।

তবে নাহিদ ইসলাম অভিযোগ করেন, এম এ কাইয়ুম ভানুয়াতু নামের একটি দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, ফলে তিনি দ্বৈত নাগরিক। এ তথ্য গোপন করে কাইয়ুম মনোনয়নপত্রের হলফনামা দাখিল করেছেন—এমন অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার হাইকোর্টে রিট করেন তিনি।

মঙ্গলবার আদালতের কার্যতালিকায় রিটটি শুনানির জন্য ৮২ নম্বর ক্রমিকে ওঠে। শুনানিতে নাহিদ ইসলামের পক্ষে মোহাম্মদ হোসেন ও আইনজীবী জহিরুল ইসলাম মুসা যুক্তি উপস্থাপন করেন। কাইয়ুমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হকসহ ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান আদালতে উপস্থিত ছিলেন।

শুনানি শেষে আদালত রিট আবেদন গ্রহণযোগ্য নয় বলে মত দেন। কাইয়ুমের আইনজীবী জানান, রিটে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক এবং ঘটনাগত বিতর্কের বিষয়, যা নির্বাচনী সময়ে রিটের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য নয়। তিনি আরও বলেন, নির্বাচনী সময়ের যেকোনো বিরোধ নিষ্পত্তির জন্য সংবিধান অনুযায়ী নির্বাচনী ট্রাইব্যুনালের সুযোগ রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন