Wednesday, February 4, 2026

ভোটাধিকার দমন করে জনগণকে ঠেকানো যাবে না: মহেশখালীতে হামিদুর রহমান আযাদ


ছবিঃ কক্সবাজার-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী হামিদুর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। কক্সবাজার

সহিংসতা, ভয়ভীতি ও দমনপীড়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া সম্ভব নয়—এমন মন্তব্য করেছেন কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী হামিদুর রহমান আযাদ। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল।

রোববার মহেশখালী পৌরসভা এলাকায় গণসংযোগকালে তিনি বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি গভীর উদ্বেগজনক। জনগণ এখন সচেতন; অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে জানে। ভয় দেখিয়ে বা দমননীতির মাধ্যমে মানুষের অধিকার হরণ করা যাবে না।

হামিদুর রহমান আযাদ বলেন, দীর্ঘ সময়ের শাসনব্যবস্থায় মানুষ নানা অভিজ্ঞতা অর্জন করেছে। উন্নয়ন ও অগ্রগতির যে প্রত্যাশা ছিল, তা বাস্তবে পূরণ হয়নি। অর্থনীতি, সম্পদের সঠিক ব্যবহার এবং সুশাসনের ক্ষেত্রে ঘাটতির কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, সততার অভাবই এসব ব্যর্থতার মূল কারণ।

গণসংযোগের সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার নানা সমস্যার কথা শোনেন। এ সময় তিনি সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জরাজীর্ণ মন্দির সংস্কার, শ্মশানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন স্থানীয় সমস্যার সমাধানে কাজ করার আশ্বাস দেন।

কর্মসূচিতে মহেশখালী দক্ষিণ জামায়াতের আমির শামিম ইকবাল, সেক্রেটারি আব্দুর রহিমসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন