Sunday, April 19, 2026

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিখোঁজের পাঁচ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার


ছবিঃ তৃতীয় শ্রেণি পড়ুয়া মারিয়া বারইপাড়া গ্রামের উজ্জ্বলের মেয়ে (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। টাঙ্গাইল

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় নিখোঁজ থাকার পাঁচ দিন পর মারিয়া (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মারিয়া স্থানীয় বারইপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের মেয়ে এবং সে তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের পরিবার জানায়, গত ২৬ জানুয়ারি সোমবার বাড়ির পাশের এলাকা থেকে মারিয়া নিখোঁজ হয়। স্বজন ও স্থানীয়রা মাইকিংসহ বিভিন্নভাবে তাকে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে পাশের বংশাই নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিয়ে অনুসন্ধান চালানো হয়, তবে সেখানেও তার খোঁজ মেলেনি। পরে হতাশ হয়ে নিহতের বাবা উজ্জ্বল হোসেন শুক্রবার ধনবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রোববার ভোরে ফজরের নামাজ শেষে স্থানীয় মুসল্লিরা রাস্তার পাশে মৃত নান্নু মিয়ার একটি পরিত্যক্ত ঘর থেকে দুর্গন্ধ পেতে পান। পরে ঘরের ভেতরে রাখা একটি স্টিলের বাক্স খুলে বস্তাবন্দি অবস্থায় মারিয়ার মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, শিশুটির সঙ্গে ভয়াবহ কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে। তারা দাবি করেন, ঘটনা ধামাচাপা দিতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ লুকানোর চেষ্টা করেছে। মরদেহ উদ্ধারের পর সন্দেহভাজন হিসেবে দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান এলাকাবাসী।

ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক জানান, এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন