Wednesday, February 4, 2026

নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির নির্বাচনি ক্যাম্পে আগুন


ছবিঃ বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নে বিএনপি প্রার্থীর একটি নির্বাচনি ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নোয়াখালীর 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে বিএনপির এক প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্যাম্পের আসবাবপত্রসহ পাশের তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে নোয়াখালী-৩ আসনের রাজগঞ্জ এলাকার বাকীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত বিএনপির নির্বাচনি ক্যাম্পে এ আগুনের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় মসজিদে যাওয়ার পথে মুসল্লিরা ক্যাম্প ও আশপাশের দোকানগুলোতে আগুন জ্বলতে দেখে চিৎকার করেন। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই বিএনপির নির্বাচনি কার্যালয় ও একটি সাইকেল মার্টের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আরও দুটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নোয়াখালী-৩ আসনের ধানের শীষ প্রতীকের নির্বাচনি সমন্বয়ক মুরাদ জিয়াউর রহমান সুমন অভিযোগ করে বলেন, আগুন লাগানোর ধরন দেখে স্পষ্ট বোঝা যায় এটি দুর্ঘটনা নয়। বিএনপির ক্যাম্পকে মূল লক্ষ্য করেই আগুন দেওয়া হয়েছে এবং বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে পাশের দোকানগুলোতেও আগুন ধরানো হয়েছে।

বেগমগঞ্জ থানার ওসি শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন