Wednesday, October 28, 2026

মিঠাপুকুরে ডাম্প ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩; আহত অন্তত ১৮


ছবিঃ দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। রংপুর

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। বুধবার (২৮ অক্টোবর) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের বৈরাগীগঞ্জ মাজার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের ওমর আলীর ছেলে মোজাফফর হোসেন। বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা ‘খান এক্সপ্রেস’ পরিবহনের একটি দূরপাল্লার বাস বৈরাগীগঞ্জ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহত যাত্রীদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে উপস্থিত বড়দরগাহ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোয়াজ্জেম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাম্প ট্রাকের পেছনে বাসের ধাক্কায় হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হয়েছে। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন