- ২৭ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। গাজীপুর
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে শুরু হওয়া এ আন্দোলনে কয়েক হাজার শ্রমিক অংশ নেন। এতে গাজীপুর থেকে বোর্ডঘর পর্যন্ত মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
সকালে উপজেলার ভান্নার এলাকার একটি কারখানা থেকে শ্রমিকরা বেরিয়ে মহাসড়কে অবস্থান নেন। পরে আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরাও কাজে যোগ না দিয়ে আন্দোলনে অংশ নেন। নারী ও পুরুষ শ্রমিকদের অনেককে লাঠি হাতে মিছিল করতে এবং বেতন বাড়ানোর দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনের কারণে মৌচাক এলাকায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। মহাসড়কের দুই পাশে বাস, ট্রাকসহ শত শত যানবাহন আটকে যায়। দীর্ঘ সময় যানবাহনে বসে থাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। বিশেষ করে বাসে থাকা নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ভোগান্তি বাড়ে।
একপর্যায়ে মৌচাক কাটার মাথা এলাকায় শ্রমিকরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানান, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত মহাসড়ক দিয়ে যান চলাচল করতে দেওয়া হবে না।
এদিকে আন্দোলনের প্রভাব পড়ে আশপাশের শিল্পাঞ্চলেও। কালিয়াকৈর উপজেলার একাধিক কারখানায় কাজ বন্ধ রেখে শ্রমিকদের একটি অংশ বিক্ষোভে যোগ দেন। মহাসড়কের সফিপুর, কোনাবাড়ী ও চন্দ্রা ফ্লাইওভার এলাকাতেও যানবাহন আটকে পড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ছিল।
আন্দোলনরত শ্রমিকদের ভাষ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তাঁদের আয় সেই অনুপাতে বাড়েনি। সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। এ পরিস্থিতিতে মাসিক ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে তাঁরা রাস্তায় নেমেছেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, মহাসড়কে অবস্থান নেওয়া শ্রমিকদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন তাঁরা।