Tuesday, October 27, 2026

গফরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পারের পানি পান, দুই শিশুর মৃত্যু


ছবিঃ পাগলা থানা (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ময়মনসিংহ

ময়মনসিংহের গফরগাঁওয়ে খেলার ছলে মেয়াদোত্তীর্ণ শ্যাম্পারের বোতলে থাকা পানি ও ফেনা পান করে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) উপজেলার পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া আরেক শিশুকে চিকিৎসা দেওয়ার পর সুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত দুই শিশু হলো গোলাবর গ্রামের রাহাত বেপারীর ছেলে মাহমুদ হাসান সাজিত (৩) এবং জনি বেপারীর মেয়ে হুমায়রা (৬)। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হুমায়রার মৃত্যু হয়। এর আগে দুপুরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সাজিতকে মৃত ঘোষণা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘরে থাকা বড় একটি শ্যাম্পুর বোতল শেষ হয়ে যাওয়ার পর সেটি আবর্জনা হিসেবে এক কোণে রেখে দিয়েছিলেন পরিবারের সদস্যরা। রোববার সকাল ১০টার দিকে সাজিত, হুমায়রা ও আরেক শিশু ওই বোতলটি নিয়ে প্লাস্টিকের হাঁড়ি-পাতিল দিয়ে খেলছিল। খেলার সময় তারা বোতলে পানি ঢেলে ফেনা তৈরি করে। একপর্যায়ে সেই ফেনাসহ পানি পান করে তিন শিশু। এরপরই তারা অসুস্থ হয়ে পড়ে।

শিশুদের অসুস্থ হয়ে পড়তে দেখে স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাজিতকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্যদিকে, হুমায়রা ও অপর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হুমায়রার মৃত্যু হয়। অপর শিশুটি সুস্থ হয়েছে বলে জানা গেছে।

পাগলা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝামেলার আশঙ্কায় পরিবারের কেউ প্রথমে পুলিশকে বিষয়টি জানাননি। পরে রাত ১১টার দিকে সংবাদকর্মীদের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসআই আনোয়ার হোসেন আরও জানান, নিহত শিশুদের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি বলে পুলিশকে জানানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন