- ২৭ অক্টোবর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া গ্রামের চৌধুরী পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।
নিহত শিশুরা হলো আশরাফুলের মেয়ে মিশকাতুল জান্নাত (১ বছর ১০ মাস) এবং একই গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে আরাফ মিয়া।
পরিবারের সদস্য ও স্বজনদের বরাতে জানা যায়, সোমবার সকালে বাড়ির সামনে খেলছিল শিশু দুটি। খেলার একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়।
পরে দ্রুত তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দুজনকেই মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাফুজ আলম পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।